স্ত্রী সূচনার অকাল প্রয়াণ স্মরণে সাংবাদিক নিবিড়ের বই ‘অনন্য সূচনা’
ভালোবাসা, বিচ্ছেদ ও শোকের আবহে অনুসন্ধানী সাংবাদিক আল-বারু মুস্তাকিম নিবিড়ের নতুন গ্রন্থ 'অনন্য সূচনা'–এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মানবকন্ঠের সমাপাদক মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আকন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাকিয়া আহমেদ ঝুমা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আরাবুন নেসা।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র শিক্ষিকা রোকসানা বেগম, দৈনিক আমাদের সময়-এর সিনিয়র সাংবাদিক ফয়সাল তনু, সিনিয়র সাংবাদিক শফিকুল হক পাভেল, সিনিয়র সাংবাদিক রাফসান জাহান। আরও ছিলেন সাংবাদিক যুবরাজ, রাজ আহমেদ, মুক্তাদির আবির, নিলয়, আলিফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিদ্দিকুর লনিক সহ বিভিন্ন পেশাজীবী ও সুধীজন।
অনুষ্ঠানে কবিতা পাঠ ও বক্তব্য প্রদান করেন কবি কামরুন্নেসা লাভলী।
গ্রন্থটির লেখক আল-বারু মুস্তাকিম নিবিড় বর্তমানে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তাঁর প্রয়াত সহধর্মিণী সূচনা আক্তার রোকেয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই বইটি রচনা করেন।
বইটিতে সূচনা আক্তারের অকাল প্রয়াণ, সেই শোক সামলে নিয়ে দুই সন্তান—মুহাম্মদ ও মিহরিমা—কে ঘিরে লেখকের জীবনসংগ্রাম, মানসিক যন্ত্রণা এবং নতুন করে বেঁচে থাকার লড়াই আবেগঘন ভাষায় তুলে ধরা হয়েছে। ব্যক্তিগত বেদনা, ভালোবাসা ও দায়বদ্ধতার গল্প বইটির প্রতিটি অধ্যায়ে গভীর মানবিক আবেদন সৃষ্টি করেছে।
স্মৃতিচারণ পর্বে বক্তারা বলেন, 'অনন্য সূচনা' শুধু একটি গ্রন্থ নয়, এটি এক বুক হাহাকার, ভালোবাসা ও আত্মশক্তির প্রতিচ্ছবি। গভীর শোক থেকে কীভাবে মানুষ শব্দ ও স্মৃতির আশ্রয়ে শক্তি খুঁজে নিতে পারে—এই বই তার এক নীরব অথচ শক্তিশালী দলিল।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রয়াত সূচনা আক্তারের স্মৃতিচারণ করতে গিয়ে অতিথিবর্গ ও উপস্থিত সুধীজন আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা আরও বলেন, স্ত্রীহারা একজন স্বামীর মানসিক বেদনা এবং সন্তানদের চোখে মায়ের শূন্যতার চিত্র পাঠকের হৃদয়ে গভীর রেখাপাত করবে। শোককে শক্তিতে রূপান্তর করে নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে বইটি পাঠকদের জন্য এক অনন্য আশ্রয় হয়ে উঠবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিক মোস্তাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইনজীবী এবং মরহুমার স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে সাংবাদিক মুস্তাকিম নিবিড় ও প্রয়াত সূচনা আক্তার রোকেয়ার দুই সন্তান মুহাম্মাদ ও মিহিরিমার উপস্থিতি এক ভিন্ন রকম বিষাদময় আবহ তৈরি করে।
Comments