সেপ্টেম্বরে ৩ লঘুচাপের শঙ্কা, তাপপ্রবাহ-বন্যার পূর্বাভাস
চলতি সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে। তবে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি লঘুচাপ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।
একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে দুই থেকে তিন দফা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ভারি বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় সেপ্টেম্বর মাসের আবহাওয়ার এ পূর্বাভাস দেওয়া হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দেশের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। ফলে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, মৃদু তাপপ্রবাহের সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
এ ছাড়া সেপ্টেম্বর মাসে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড় হতে পারে। বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
নদ-নদীর বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের প্রধান নদীগুলোর পানি প্রবাহ সাধারণত স্বাভাবিক থাকতে পারে। তবে কোনো কোনো এলাকায় ভারি বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এদিকে সেপ্টেম্বর মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড়ে ৪ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা উজ্জ্বল সূর্যকিরণ থাকার সম্ভাবনা রয়েছে।
Comments