ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে শিক্ষার গুণগত মান কতটা উন্নত হয়েছে, তা পর্যালোচনা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচিত ও দক্ষ করে তুলতে হবে। তা না হলে বেকারত্বের সমস্যা কমানো কঠিন হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত শিক্ষাপদ্ধতির বাইরে এসে নতুন ধারার শিক্ষা কার্যক্রম চালু করতে হবে।
তারেক রহমানের মতে, উদ্ভাবন, প্রযুক্তিগত দক্ষতা ও কর্মসংস্থানমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
Comments