অন্যায়ভাবে নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল: জামায়াত আমির
আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সারা দেশের অফিসগুলোতে সাড়ে ১৫ বছর আমরা মুহূর্তের জন্যও প্রবেশ করতে পারিনি। অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এমনকি আমাদের প্রতীকও কেড়ে নেওয়া হয়েছিল। শেষ মুহূর্তে বেপরোয়া হয়ে অন্যায়ভাবে আমাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। চার দিনের মাথায় আপামর জনতার আন্দোলনের মুখে সেই সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া।
শনিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, জনগণের গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার পরিচালনা করা হলে তা দীর্ঘস্থায়ী হবে না। এতে দেশ উপকৃত হওয়ার পরিবর্তে অতীতের ফ্যাসিবাদী শক্তিগুলো আবারও সুযোগ পেতে পারে। সরকারকে জনগণের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, সমস্যার সমাধানে সরকারকেই কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ হলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় নতুন কোনো উদ্যোগের প্রয়োজন হবে না।
বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর অতীতে চালানো নির্যাতনের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী তাদের শীর্ষ নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে দেখেছে। দলের ১২ জন নেতার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে হত্যার আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তাদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। কেউ ফাঁসিতে এবং কেউ কারাগারে অবহেলা, নির্যাতন ও অযত্নের শিকার হয়ে মারা গেছেন বলে দাবি করেন তিনি।
নির্বাচনের পরদিন থেকেই বর্তমান সরকারি দল তাদের অবস্থান পরিবর্তন করেছে বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তাঁর ভাষ্য, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নেও গড়িমসি চলছে। এতে জনগণের মধ্যে হতাশা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সরকারি দলের নেতাকর্মীরাও অতীতে নির্যাতন, গুম, হত্যা, পঙ্গুত্ব, দেশত্যাগ ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, অতীতের সেই অভিজ্ঞতা থাকার পরও কেন সরকার তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। এ বিষয়ে সরকারকে জাতির সামনে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান তিনি।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, জনবল নিয়োগ এবং কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সচিবালয়ের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং জনবল প্রত্যাহার করা হয়েছে। তাঁর মতে, এটি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির পরিপন্থী।
তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের ৩১ দফায় সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও বর্তমানে সংবিধান সংশোধনের পথে এগোচ্ছে সরকার। সংস্কার ও সংশোধনের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। তাঁর দাবি, জনগণের অভিপ্রায় ও গণভোটের ভিত্তিতে হওয়া সংস্কারকে আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ থাকা উচিত নয়। কিন্তু সাধারণ সংশোধনের ক্ষেত্রে আদালতে চ্যালেঞ্জের সুযোগ থাকে। এ কারণে সংসদ ও আদালতের ক্ষমতা ও অবস্থান স্পষ্ট করতে সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
অতীতের রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে না গিয়ে মেধাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন শফিকুর রহমান। তিনি বলেন, আন্দোলনের অন্যতম দাবি ছিল মেধার যথাযথ মূল্যায়ন। নিয়োগ ও রাষ্ট্র পরিচালনায় দলীয় আনুগত্যের পরিবর্তে যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে বিভিন্ন পর্যায়ে দলীয় নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় সরকার ব্যবস্থায় অনির্বাচিত প্রতিনিধিদের উপস্থিতি নিয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তাঁর অভিযোগ, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় নেতা ও কর্মীদের প্রাধান্য দেওয়া হচ্ছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সংসদে পণ্যমূল্যের তালিকা তুলে ধরা হলেও গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়টি যথাযথভাবে আলোচনায় আসে না। এক বছর আগের তুলনায় গৃহস্থালি গ্যাস ও বিদ্যুতের খরচ কতটা বেড়েছে, তা জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। তাঁর অভিযোগ, নীরবে সাধারণ মানুষের ওপর বাড়তি ব্যয়ের চাপ তৈরি করা হচ্ছে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতির জন্য অতীতের সরকার ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে দায়ী করার সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকারের সময়েও দুর্নীতির বিভিন্ন ঘটনা সামনে আসছে। দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার কারণে দেশের অর্থনীতি ও সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তৈরি পোশাকশিল্পের সংকট নিয়েও উদ্বেগ জানান জামায়াত আমির। তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত তৈরি পোশাকশিল্প। কিন্তু এ খাতে দেশীয় কাঁচামাল ও উপকরণের ব্যবহার সীমিত। প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ অধিকাংশ উপকরণ বিদেশ থেকে আমদানি করতে হয়। তাঁর দেওয়া তথ্যমতে, এ খাতে দেশীয় উপকরণের অংশ সর্বোচ্চ ১০ শতাংশ, বাকি ৯০ শতাংশই আমদানিনির্ভর।
শিল্প খাতের অস্থিরতা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শ্রমিকদের আন্দোলনে নামতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিল্প ও শ্রমিক একে অপরের পরিপূরক। শিল্প টিকিয়ে রাখতে হলে শ্রমিকদের স্বার্থও নিশ্চিত করতে হবে। একইভাবে শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষার জন্য শিল্পের স্থিতিশীলতা জরুরি।
তৈরি পোশাকশিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে শফিকুর রহমান বলেন, এ শিল্পকে ধ্বংস করার চেষ্টা চলছে। প্রতিবেশী কয়েকটি দেশের সংবাদমাধ্যমে বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের প্রচারণার পেছনে শিল্পটিকে ক্ষতিগ্রস্ত করার কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির।
Comments