দেশের ৭৩ লাখ ছাত্রী পাবেন উপবৃত্তি, ব্যয় প্রায় ৪৭০০ কোটি টাকা
দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনছে সরকার। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন। পাশাপাশি উপবৃত্তির সঙ্গে বিনা বেতনে পড়াশোনার সুযোগও দেওয়া হবে। নতুন এ উদ্যোগে উপকৃত হবেন প্রায় এক কোটি শিক্ষার্থী।
সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৭৩ লাখ ২২ হাজার ছাত্রীকে সর্বজনীনভাবে উপবৃত্তি দেওয়া হবে। পাশাপাশি দারিদ্র্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত ছাত্ররাও এ সুবিধার আওতায় থাকবেন। সব মিলিয়ে উপকারভোগীর সংখ্যা দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজার। এ কর্মসূচি বাস্তবায়নে শুধু উপবৃত্তি খাতেই সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।
বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে 'সমন্বিত উপবৃত্তি কর্মসূচি' বা হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রামের আওতা বাড়িয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নারী শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের ঝরে পড়া কমানো, বাল্যবিবাহ প্রতিরোধ এবং দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করাই এ কর্মসূচির প্রধান লক্ষ্য। একই সঙ্গে নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-৪) আলোকে সবার জন্য মানসম্মত ও অবৈতনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে চালু হওয়া ছাত্রী উপবৃত্তি কর্মসূচি দেশের নারী শিক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল। প্রত্যন্ত অঞ্চলসহ সারা দেশে মেয়েদের শিক্ষায় আর্থিক সহায়তা দেওয়ার ফলে বিদ্যালয় থেকে ঝরে পড়ার প্রবণতা কমে আসে এবং শিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়ে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সেই সফল উদ্যোগকে আরও বিস্তৃত করে এবার সারা দেশের শতভাগ ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার কার্যক্রম নেওয়া হয়েছে। শিক্ষায় তথ্যপ্রযুক্তি ও কারিগরি জ্ঞানের প্রসার, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগও সরকারের অগ্রাধিকারে রয়েছে।
ব্যয় বাড়ছে প্রায় ৩৮৯ কোটি টাকা
শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় পরিচালিত 'ইমপ্রুভিং অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন থ্রু হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম' স্কিমের চতুর্থ সংশোধনীর মাধ্যমে কর্মসূচির পরিধি বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৮ অক্টোবর অর্থ বিভাগের নীতিগত সিদ্ধান্তের পর ১১ নভেম্বর সংশোধিত ডকুমেন্ট অনুমোদন করা হয়। পরদিন ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক অনুমোদন জারি করে। কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
প্রকল্পের মূল মেয়াদ ২০১৮ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে। তবে চতুর্থ সংশোধনীতে মোট ব্যয় ৩৮৮ কোটি ৮৮ লাখ টাকা বাড়ানো হয়েছে। আগে অনুমোদিত ১৮ হাজার ৮০ কোটি ২৫ লাখ টাকার পরিবর্তে সংশোধিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৪৬৯ কোটি ১৩ লাখ টাকা।
২০২৬ সালের জুন পর্যন্ত এ কর্মসূচিতে প্রকৃত ব্যয় হয়েছে ১৩ হাজার ৭৬২ কোটি ৩৫ লাখ টাকা। আর্থিক অগ্রগতি দাঁড়িয়েছে ৭৪ শতাংশে।
২০২৬-২৭ অর্থবছরে কর্মসূচির মোট সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৭০৬ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে শিক্ষার্থীদের উপবৃত্তি বাবদ ব্যয় হবে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।
উপকৃত হবেন প্রায় এক কোটি শিক্ষার্থী
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এ সুবিধা পেয়েছেন ৬৫ লাখ ২৫ হাজার শিক্ষার্থী। তাঁদের মধ্যে ছাত্রী ছিলেন ৩৯ লাখ ১৬ হাজার এবং ছাত্র ২৬ লাখ ৯ হাজার।
নতুন সংশোধিত পরিকল্পনায় ২০২৬-২৭ অর্থবছরে উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে ৯৯ লাখ ৩৪ হাজার করার প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী এবং ২৬ লাখ ১২ হাজার ছাত্র রয়েছেন।
এসইডিপির ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক সাদেক আহমেদ খান জানান, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শতভাগ ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার চূড়ান্ত অনুমোদন ও অর্থ ছাড় হয়েছে।
যেভাবে শুরু হয়েছিল উপবৃত্তি কর্মসূচি
১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে 'ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট'সহ চারটি পৃথক প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের জন্য উপবৃত্তি চালু হয়।
পরবর্তী সময়ে ২০০২ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়েও উপবৃত্তি কার্যক্রম সম্প্রসারিত হয়। এরপর সেকায়েপ, সেসিপ, এসইএসপি ও এইচএসএসপি প্রকল্পের কার্যক্রম একীভূত করে বর্তমান সমন্বিত উপবৃত্তি কর্মসূচি গড়ে তোলা হয়।
মাহদী আমিন বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ উদ্যোগ দরিদ্র ও প্রান্তিক পরিবারের মেয়েদের শিক্ষার ব্যয় বহনে সহায়তা করবে। এর ফলে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর আর্থসামাজিক ক্ষমতায়ন এবং এসডিজি-৪ বাস্তবায়নের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
অগ্রাধিকার পাবেন বিশেষ চাহিদাসম্পন্ন ও পিছিয়ে পড়া শিক্ষার্থীরা
নতুন কাঠামো অনুযায়ী, সব ছাত্রী উপবৃত্তি ও টিউশন ফি সুবিধা পেলেও তাদের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করা হবে প্রক্সি-মিনস টেস্ট বা পিএমটি পদ্ধতিতে। এ ক্ষেত্রে দারিদ্র্য যাচাইয়ের কারণে কোনো ছাত্রী উপবৃত্তি থেকে বাদ পড়বেন না। তথ্যগুলো ভবিষ্যৎ গবেষণা ও পরিকল্পনার কাজে ব্যবহার করা হবে।
অন্যদিকে অসচ্ছল পরিবারের ছাত্রদের নির্বাচনের ক্ষেত্রে হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে-২০২২-এর ভিত্তিতে ৩০টি প্রশ্নের মাধ্যমে নির্ধারিত ওয়েটেজ ও কাট-অফ মার্কস অনুসরণ করা হবে।
বিশেষ অগ্রাধিকার পাবেন প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধার সন্তান, সাবেক ছিটমহলবাসী এবং জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা।
২২ উপজেলায় শতভাগ উপবৃত্তি
দেশের অনগ্রসর ও পিছিয়ে পড়া এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়াতে আরও ১২টি উপজেলাকে শতভাগ উপবৃত্তি কর্মসূচির আওতায় আনা হচ্ছে। আগে অন্তর্ভুক্ত ১০টি উপজেলার সঙ্গে নতুন ১২টি যুক্ত হয়ে মোট ২২টি উপজেলায় এ সুবিধা কার্যকর হবে।
উপজেলাগুলো হলো—নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, রৌমারী, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, কাহারোল, খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, আজমিরীগঞ্জ, হাতিয়া, চৌহালি ও মনপুরা।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এসব উপজেলার যোগ্য সব ছাত্র-ছাত্রী উপবৃত্তির সুবিধা পাবেন।
উপবৃত্তি পেতে মানতে হবে যেসব শর্ত
কর্মসূচির আওতায় উপবৃত্তি অব্যাহত রাখতে শিক্ষার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—
- শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতি নিশ্চিত করা।
- বার্ষিক পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অর্জন।
- শিক্ষা বোর্ডের নিবন্ধন থাকতে হবে।
- উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।
সরাসরি হিসাবে যাবে উপবৃত্তির অর্থ
শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির অর্থ পৌঁছে দিতে সরকার জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতি অনুসরণ করবে। জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল সিম যাচাইয়ের পর আইবাস++ ব্যবস্থার মাধ্যমে উপকারভোগী অথবা তাঁদের অভিভাবকের ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবে টাকা পাঠানো হবে।
আগে থেকেই উপবৃত্তি পাওয়া ছাত্রীদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন হবে না। নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে কেওয়াইসি সম্পন্ন করতে হবে। প্রয়োজনে যৌথ স্কুল ব্যাংকিং হিসাব খোলার সুযোগও থাকবে। শিক্ষার্থীর বয়স ১৮ বছর হলে হিসাবের তথ্য হালনাগাদ করা হবে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক জানান, জিটুপি পদ্ধতিতে শিক্ষার্থীদের হিসাবে সরাসরি উপবৃত্তি, টিউশন ফি, পাবলিক পরীক্ষার ফি এবং বই কেনার অর্থ পাঠানো হবে।
তিনি আরও জানান, আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর মাধ্যমে কর্মসূচিটির উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। এ ছাড়া ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে সফটওয়্যার ও তথ্যগত জটিলতায় উপবৃত্তি থেকে বঞ্চিত প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর বকেয়া অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাস্তবায়নে রয়েছে কিছু চ্যালেঞ্জ
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শতভাগ ছাত্রীকে উপবৃত্তির পাশাপাশি টিউশন ফি সুবিধার আওতায় আনার উদ্যোগ বাস্তবায়নে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরের নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত হারের চেয়ে বেশি বেতন নেওয়ার প্রবণতা রয়েছে। এসব প্রতিষ্ঠানের একটি অংশ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে অনাগ্রহী। ফলে সেখানে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উপপরিচালক অধ্যাপক সাইফুল আলম বলেন, ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের কাজ দ্রুতগতিতে চলছে। তবে যেসব প্রতিষ্ঠান নির্ধারিত হারের চেয়ে বেশি বেতন আদায় করে, সেসব প্রতিষ্ঠানের কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে অনীহা রয়েছে। এতে ওইসব প্রতিষ্ঠানের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি পাওয়া কঠিন হতে পারে।
এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে বাধ্যতামূলক নির্দেশনা প্রয়োজন বলে মনে করেন তিনি।
কত টাকা পাবেন শিক্ষার্থীরা
অর্থ বিভাগ নির্ধারিত হার অনুযায়ী, শ্রেণিভেদে শিক্ষার্থীরা মাসে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত উপবৃত্তি পাবেন। পাশাপাশি টিউশন ফি বাবদ মাসে ৩৫ থেকে ৮০ টাকা দেওয়া হবে।
এ ছাড়া দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার ফি এবং বই কেনার জন্য ১ হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে শিক্ষার্থীপ্রতি বছরে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮২০ টাকা থেকে ৭ হাজার ২৬০ টাকা পর্যন্ত।
সংশ্লিষ্টদের আশা, এ কর্মসূচি কার্যকর হলে আর্থিক সংকটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ হওয়ার প্রবণতা কমবে। বিশেষ করে মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ বাড়বে এবং দরিদ্র পরিবারের ওপর শিক্ষা ব্যয়ের চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
সূত্র: বাসস
Comments