গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় বিজিবির ১২০ প্লাটুন মোতায়েন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ সাত জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত চার প্লাটুন সদস্যকেও প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা এসব সদস্য স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি।
সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তির সহায়তায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক সরঞ্জামের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়ও পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে কাজ করছেন বিজিবি সদস্যরা।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম সচল রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রেখেছে বাহিনীটি।
Comments