জাতীয় সংলাপে এককভাবে নয়, ১১ দল একত্রে বসবে: হামিদুর রহমান আযাদ
জাতীয় সংলাপে জামায়াতে ইসলামী এককভাবে নয়, বরং ১১ দল একত্রে বসবে বলে জানিয়েছেন ১১ দলের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংলাপেও জামায়াত আলাদাভাবে অংশ নেবে না বলে স্পষ্ট করেছেন তিনি।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্য ঐক্যবদ্ধভাবে রাজপথে রয়েছে। এ কারণে স্থানীয় সরকার নির্বাচনসহ কোনো সংলাপে জামায়াত এককভাবে অংশ নেবে না।
জুলাই সনদ ও গণভোটকে সংলাপের ভিত্তি হিসেবে উল্লেখ করে ১১ দলের এই সমন্বয়ক বলেন, এসব বিষয়কে পাশ কাটিয়ে সংলাপে বসার সুযোগ নেই; বরং জুলাই সনদ ও গণভোটকে ভিত্তি ধরেই ১১ দল প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার যে শপথ ছিল, রাজনৈতিক দলগুলো এখন তার বিপরীতে চলছে এবং সরকার সঠিকভাবে কাজ না করায় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।
Comments