কপ৩১-এর প্রতিশ্রুত অর্থ উপকূলে ব্যয়ের স্বচ্ছ কর্মপরিকল্পনার দাবি
সদ্য সমাপ্ত কপ৩১ সম্মেলনে বাংলাদেশের জন্য প্রতিশ্রুত জলবায়ু অর্থ উপকূলীয় অঞ্চলের সুরক্ষা এবং মানুষের জীবন-জীবিকার উন্নয়নে ব্যয়ের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির দাবি জানিয়েছেন পরিবেশ ও নাগরিক আন্দোলনের নেতারা। একই সঙ্গে উপকূলের সমন্বিত উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ এবং দ্রুত 'উপকূল উন্নয়ন বোর্ড' গঠনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। ক্লাইমেট অ্যাকশন ফোরাম, ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিআরডিএফ), সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ), পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা), মৃত্তিকা এবং সচেতন সংস্থা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন ও লবণাক্ততা বৃদ্ধিতে উপকূলীয় অঞ্চলের কৃষি, জীববৈচিত্র্য ও জনজীবন বিপর্যস্ত হচ্ছে। নিরাপদ পানির অভাব, জীবিকার অনিশ্চয়তা ও বাস্তুচ্যুতির কারণে মানুষ শহরমুখী হতে বাধ্য হচ্ছে। উপকূলকে বাদ দিয়ে জাতীয় উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এখন পর্যন্ত ব্যয় হওয়া অর্থের সুনির্দিষ্ট হিসাব জনসম্মুখে প্রকাশের দাবি জানান।
শিক্ষক ও গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, তুরস্কে অনুষ্ঠিত কপ৩১ সম্মেলন থেকে জলবায়ু মোকাবিলায় বিশেষ বরাদ্দের প্রতিশ্রুতি মিললেও এ পর্যন্ত আসা জলবায়ু অর্থের প্রায় ৬৭ শতাংশই এসেছে ঋণ হিসেবে। উপকূলের কোন প্রকল্পে কী পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তার কোনো স্বচ্ছ হিসাব উপকূলবাসীর কাছে নেই। বাঁধ নির্মাণ ও ভাঙনের দুষ্টচক্রের কথা তুলে ধরে তিনি উপকূলের জন্য আলাদা বরাদ্দ, অগ্রাধিকার তালিকা ও সময়সীমা নির্ধারণ করে জবাবদিহিমূলক কর্মপরিকল্পনা প্রণয়নের তাগিদ দেন।
ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি আমিনুর রসুলের সভাপতিত্বে সমাবেশে তিনি বলেন, প্রকল্প গ্রহণে স্থানীয় মানুষের মতামত ও বাস্তব চাহিদাকে প্রাধান্য দিতে হবে। সুন্দরবন রক্ষার পাশাপাশি উপকূল উন্নয়ন বোর্ড গঠনের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।
সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, কাপের নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান-ইয়াত, পরিজার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল, সচেতন সংস্থার সাধারণ সম্পাদক সাকিলা পারভীন এবং ডিআরডিএফ'র মনোবিজ্ঞানী ও গবেষক তানজীম জামান প্রমুখ।
উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে সমাবেশে ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অর্থ উপকূলের জন্য সংরক্ষণ করে জেলাভিত্তিক ও সময়বদ্ধ বিনিয়োগ কর্মপরিকল্পনা প্রণয়ন ও প্রকাশ করা।
- ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা।
- নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীবান্ধব পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র গড়ে তোলা।
- বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর পুনঃখনন ও পানি শোধনাগারের মাধ্যমে নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করা।
- জেলে, কৃষক, বনজীবী ও নারী উদ্যোক্তাদের জন্য জলবায়ু-সহনশীল জীবিকা ও প্রণোদনার ব্যবস্থা করা।
Comments