বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ প্রণোদনা, মানতে হবে যেসব শর্ত
দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে কোনো বাংলাদেশি নাগরিক বা দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বিদেশি বিনিয়োগ আনতে ভূমিকা রাখলে বিনিয়োগের পরিমাণের ওপর ১.২৫ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন। এ লক্ষ্যে 'প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬' জারি করা হয়েছে।
গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নীতিমালাটি গেজেটে প্রকাশিত হয় এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ২২ ধারার ক্ষমতাবলে সরকার এই নীতিমালা প্রণয়ন করেছে।
নীতিমালা অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিসহ দেশের সব নাগরিক এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানি এ প্রণোদনার জন্য আবেদন করতে পারবে। তবে এর জন্য ন্যূনতম ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রার নতুন ইক্যুইটি বিনিয়োগ নিশ্চিত করতে হবে এবং তা বাংলাদেশ ব্যাংকের অনলাইন মনিটরিং সিস্টেমে চূড়ান্তভাবে নথিভুক্ত থাকতে হবে।
বিদ্যমান কোনো কোম্পানির শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার কেনা বা উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিনিয়োগে এই সুবিধা মিলবে না। তবে বিদ্যমান কোনো বিনিয়োগকারী তার বর্তমান ব্যবসার বাইরে সম্পূর্ণ নতুন খাতে বা ভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করলে তা বিবেচনায় নেওয়া হবে। নীতিমালা কার্যকরের আগে আসা বিনিয়োগের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।
আবেদন ও যাচাই-বাছাইয়ের শর্তাবলি
বিনিয়োগ সম্পন্ন হওয়ার আগেই আবেদনকারীকে নির্ধারিত পোর্টালে প্রাক-নিবন্ধন করে একটি 'লিড রেজিস্ট্রেশন আইডি' নিতে হবে। পরে এফডিআই এনক্যাশমেন্টের ৩০ দিনের মধ্যে চূড়ান্ত আবেদন জমা দিতে হবে।
আবেদন মূল্যায়নে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর পেতে হবে। স্বচ্ছতা নিশ্চিতে বিদেশি বিনিয়োগকারী বা যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে আবেদনকারীর কোনো ধরনের সম্পৃক্ততা থাকতে পারবে না; এমনকি বিনিয়োগের আগের দুই বছরেও তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক থাকা চলবে না।
নগদ অর্থ বা তৃতীয় পক্ষের মাধ্যমে আসা বিনিয়োগ এই সুবিধার আওতায় পড়বে না। অর্থের বৈধতা যাচাইয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), আরজেএসসি ও বাংলাদেশ ব্যাংকের তথ্যের সমন্বয় করা হবে।
অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি জাতীয় পর্যালোচনা কমিটি এই প্রণোদনার চূড়ান্ত অনুমোদন দেবে। অর্থ বিভাগের 'এফডিআই ইনসেনটিভ তহবিল' থেকে অনুমোদিত ব্যাংকের মাধ্যমে স্থানীয় মুদ্রায় দুই ধাপে এই অর্থ দেওয়া হবে—
১. আবেদন অনুমোদন ও রেমিট্যান্স এনক্যাশমেন্ট নিশ্চিত হওয়ার পর মোট প্রণোদনার ৫০ শতাংশ দেওয়া হবে। ২. বাকি ৫০ শতাংশ দেওয়া হবে এক বছর পর। এ ক্ষেত্রে কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি বা বাণিজ্যিক কার্যক্রম শুরুর অগ্রগতি এবং ইক্যুইটি বহাল থাকার বিষয়টি যাচাই করা হবে।
প্রবাসী বাংলাদেশিরা চাইলে প্রণোদনার অর্থ দেশের বাইরেও পাঠাতে পারবেন। এ ছাড়া পুরো প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রতিবছর এ-সংক্রান্ত একটি বার্ষিক ডাটাবোর্ড প্রকাশ করবে। বিস্তারিত তথ্য ও আবেদন ফরম প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে পাওয়া যাবে।
Comments