সাভারে দিনেদুপুরে পার্কিং করা বাসে আগুন
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে দিনেদুপুরে পার্কিং করে রাখা 'লাব্বাইক পরিবহনের' একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের প্রায় পুরো অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের জোরপুল এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুন নেভানোর আগেই বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে ঘটনাটি নাশকতামূলক হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
তবে নাশকতার বিষয়টি সরাসরি নাকচ না করলেও ভিন্ন কথা বলছে পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, বাসটি গত দুই দিন ধরে সেখানে পার্কিং করা ছিল। গ্যাসচালিত হওয়ায় রোদের প্রখর তাপেও বাসটিতে আগুন ধরে যেতে পারে বলে পুলিশের ধারণা। নাশকতার বিষয়ে জানতে চাইলে ওসি মন্তব্য করেন, 'এখন তো এমনিতে আগুন লাগলেও সেটা নাশকতা হয়ে যায়।'
Comments