প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের ভাবনা সরকারের
ইউরোপ ও আমেরিকাসহ প্রবাসে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পেলে এ বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা জানান।
শ্রমমন্ত্রী বলেন, বিশেষ করে লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে মরদেহ দেশে আনার খরচের অর্ধেক বহনের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। কেবিনেটে অনুমোদন মিললেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে 'আনফিট' কর্মীকে 'ফিট' দেখিয়ে পাঠানোর ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে; প্রয়োজনে লাইসেন্সও বাতিল হতে পারে। এ ছাড়া সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোকে ঘিরে নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার কথা তুলে ধরেন মন্ত্রী। পাশাপাশি প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল'ফার্ম নিয়োগের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
Comments