জুমার নামাজ শেষে শিশুদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী
রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২৭ নভেম্বর) মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশুদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদের দেওয়া তথ্য অনুযায়ী, নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে শিশু-কিশোরদের দেখে তাদের কাছে এগিয়ে যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবাই মিলেমিশে খেলাধুলা করছে কি না বা কেউ খেলার সুযোগ থেকে বাদ পড়ছে কি না, সে বিষয়ে জানতে চান।
কথা বলার একপর্যায়ে শিশুদের হাতে ব্যাডমিন্টন সামগ্রী তুলে দিয়ে প্রধানমন্ত্রী তাদের নিজেদের মধ্যে খেলার সরঞ্জাম ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন। একজনের সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তিনি শিশুদের উৎসাহিত করেন। মূলত এর মধ্য দিয়ে শিশু-কিশোরদের মাঝে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য এবং আনন্দ ভাগ করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।
Comments