রোহিঙ্গা গণহত্যার আইসিজে রায়ের সব নির্দেশনা মানবে না মিয়ানমার- মিন অং হ্লাইং
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়ের সব নির্দেশনা বাস্তবায়ন করবে না দেশটির সামরিক সমর্থিত সরকার। মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং স্পষ্ট করেছেন যে, সরকার দায়িত্বশীল রাষ্ট্রের মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও যেসব নির্দেশনাকে 'অনুপযুক্ত' মনে করবে, সেগুলো মানতে রাজি নয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যম 'গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার'-এর এক প্রতিবেদনে জানানো হয়, মন্ত্রিসভার বৈঠকে এ অবস্থান তুলে ধরেন মিন অং হ্লাইং। তবে কোন কোন নির্দেশনাকে অনুপযুক্ত হিসেবে দেখা হচ্ছে, তা তিনি নির্দিষ্ট করেননি। এর আগের দিন বুধবার মামলাটিকে মিয়ানমারের বিরুদ্ধে 'একপাক্ষিক অভিযোগ' আখ্যা দিয়ে তিনি দাবি করেন, রায়ে 'গণহত্যা' শব্দটির ব্যবহার আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তির ব্যাপক ক্ষতি করেছে।
গত সপ্তাহে দেওয়া ওই ঐতিহাসিক রায়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে জানায়, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ওই অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে হাজারো রোহিঙ্গা বেসামরিক নাগরিক নিহত হন; পাশাপাশি ব্যাপক যৌন সহিংসতা ও শিশুদের ওপর চরম নির্যাতনের ঘটনা ঘটে। বিদ্রোহীদের বিরুদ্ধে বৈধ সামরিক অভিযান হিসেবে মিয়ানমারের আত্মপক্ষ সমর্থনের যুক্তি আদালত নাকচ করে দেন। ২০১৭ সালের ওই অভিযানের সময় সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন মিন অং হ্লাইং।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশের সব বিষয়ে নিজেকে প্রধানত দায়বদ্ধ মনে করেন মিন অং হ্লাইং। তার ভাষ্য, দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়—এমন কোনো পদক্ষেপ তিনি মেনে নেবেন না। তিনি বলেন, 'মিয়ানমার একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে যথাযথ পদক্ষেপ নেবে। তবে যেসব নির্দেশনাকে অনুপযুক্ত মনে করবে, সেগুলো মানবে না।'
এর আগে রায়টিকে অন্যায্য ও চরম হতাশাজনক বলে সমালোচনা করেছিল মিয়ানমার সরকার; ১৫ বিচারকের মধ্যে ছয়জনের ভিন্নমত পোষণ করার বিষয়টিও তারা যুক্তি হিসেবে তুলে ধরে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে কোনো রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করে আইসিজের এটিই প্রথম রায়। রায়ে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং জড়িত সন্দেহভাজনদের বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। আইসিজের রায় চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা কার্যকর করার নিজস্ব কোনো ক্ষমতা আদালতের নেই। রায় না মানলে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নেওয়ার বাইরে আদালতের আর কোনো সুযোগ না থাকায় নির্দেশনাগুলো বাস্তবায়নের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, রোহিঙ্গা সংকট নিয়ে পৃথক আইনি পদক্ষেপ বিবেচনা করছে দ্য হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকায় এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হওয়ায় নিরাপত্তা পরিষদের মাধ্যমে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা ভেটোর মুখে পড়ার আশঙ্কা রয়েছে। ২০২৪ সালের শেষ দিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন আইসিসির কৌঁসুলিরা, তবে বিচারকেরা এখনো প্রকাশ্যে কোনো সিদ্ধান্ত জানাননি।
এদিকে রায়ের পর মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। সামরিক বাহিনী, তাদের অর্থনৈতিক নেটওয়ার্ক ও অস্ত্র সরবরাহের ওপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। গত সোমবার (২৩ নভেম্বর) রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঘটনাকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। পাশাপাশি সামরিক বাহিনীর পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা, উড়োজাহাজের জ্বালানি সরবরাহ সীমিত করার পরিকল্পনা, মানবিক সহায়তা ও ন্যায়বিচারে ৮০ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৫০ হাজার ডলার) সহায়তার ঘোষণা এবং মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করে লন্ডন। যুক্তরাজ্যের অনুরোধে আগামী ৭ ডিসেম্বর মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে।
বর্তমানে গণতন্ত্রপন্থী গোষ্ঠী ও বিভিন্ন সশস্ত্র সংগঠনের সঙ্গে ভয়াবহ গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার। ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর চলতি বছরের শুরুতে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হন মিন অং হ্লাইং।
Comments