রাজধানীতে চাপ কমাতে কেরানীগঞ্জে ৩ হাজার একরের ‘সেকেন্ডারি সিটি’
রাজধানী ঢাকার ওপর জনসংখ্যা ও আবাসনের ক্রমবর্ধমান চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমির ওপর একটি পরিকল্পিত 'সেকেন্ডারি সিটি' বা উপশহর গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন এই পরিকল্পিত জনবসতি গড়ে উঠলে মূল শহরের বাইরে বসবাসের নিরাপদ ও বিকল্প সুযোগ তৈরি হবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (জাগৃক) সূত্রে জানা গেছে, সরকারের অগ্রাধিকারভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় ইতিমধ্যে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে।
জাগৃকের সচিব মনদীপ ঘরাই রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে জানান, কেরানীগঞ্জে প্রস্তাবিত 'ঢাকা ওয়েস্টার্ন বাইপাস' সংলগ্ন এলাকায় এই উপশহরটি গড়ে তোলা হবে। ইতিমধ্যে জাগৃকের সাইট সিলেকশন কমিটি প্রস্তাবিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিয়েছে।
নথিপত্র অনুযায়ী, প্রকল্প এলাকাটি কেরানীগঞ্জ থানার কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি এবং দক্ষিণ ও উত্তর বাহেরচর মৌজাজুড়ে বিস্তৃত। স্থানটি রাজধানীর বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এর আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা এবং দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চিহ্নিত জমির মাত্র ৫ থেকে ৮ শতাংশে বর্তমানে বসতবাড়ি রয়েছে এবং বাকি অংশ মূলত একফসলি জমি। সেখানে কিছু বেসরকারি আবাসন কোম্পানির সাইনবোর্ড দেখা গেলেও সরকারিভাবে এই উপশহর গড়ে উঠলে অপরিকল্পিত নগরায়ণ ও সাধারণ মানুষের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ রোধ করা সম্ভব হবে।
রাজধানীর সঙ্গে নতুন এই শহরের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সচিব মনদীপ ঘরাই জানান, ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার এবং ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশ সড়ক (অ্যাক্সেস রোড) নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এর ফলে সাভার ও ঢাকা-আরিচা মহাসড়কের সঙ্গে ঢাকা-মাওয়া মহাসড়ক ও মোহাম্মদপুরের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে।
জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী বলেন, সরকারের পঞ্চবার্ষিক কৌশলগত পরিকল্পনার সঙ্গে সংগতি রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর মোট আবাসন সংখ্যা, নির্মাণব্যয় ও বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে বহুতল আবাসনের পাশাপাশি ভূমিকম্প-সহনশীল ভবন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, জলাধার, খেলার মাঠ, সবুজ পার্ক ও সুপেয় পানির সুব্যবস্থা রাখা হবে।
কেরানীগঞ্জ ও ধামরাইয়ে সেকেন্ডারি সিটি গড়ার পাশাপাশি নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন সংকট নিরসনেও পৃথক উদ্যোগ নিচ্ছে জাগৃক। সংস্থাটির চেয়ারম্যান ফেরদৌসী বেগম জানান, নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সেজন্য টঙ্গীতে একটি পৃথক প্রকল্প নেওয়া হচ্ছে। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ থাকবে, যাতে এককালীন বড় অঙ্কের টাকা খরচ না করেই পরিবারগুলো পরিকল্পিত আবাসনে থাকতে পারে।
জাগৃকের তথ্যমতে, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য বর্তমানে সংস্থাটির ১৫টি প্রকল্প চলমান রয়েছে, যার আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ ও ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। এ ছাড়া ভবিষ্যৎ প্রকল্পের জন্য একটি সমন্বিত 'ল্যান্ড ব্যাংক' গঠনের কাজও এগিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।
Comments