গঙ্গার পানি চুক্তি নিয়ে দুটি চিঠির জবাব দেয়নি ভারত: পানিসম্পদ মন্ত্রী
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নসহ সংশ্লিষ্ট বিষয়ে ভারত সরকারের কাছে দুটি চিঠি পাঠানো হলেও এখনো কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং এ সংকট সমাধানে ভারতকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক আলোচনা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গঙ্গার চুক্তি প্রসঙ্গে প্রতিবেশী দেশকে দুটি চিঠি দেওয়া হলেও কোনোটিরই উত্তর আসেনি। তাঁর ভাষায়, তিনি নিজেও একটি চিঠি পাঠিয়েছিলেন, তবে এখন পর্যন্ত তার কোনো জবাব পাননি।
ভারতের প্রতি সৌহার্দ্যের বার্তা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশ চায় প্রতিবেশী দেশটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বদলে বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুক। সরকারের প্রত্যাশা, ভারত বন্ধুত্বপূর্ণ অবস্থান নিয়ে গঙ্গার পানি বণ্টন সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
বিএনপির এই যুগ্ম মহাসচিব জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তবে ভারতের জবাবের অপেক্ষায় বসে না থেকে পানি সংরক্ষণ এবং উৎপাদন ও উন্নয়ন বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর আওতায় পানি ধরে রাখতে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ চলছে; পাশাপাশি পানি সংরক্ষণে পদ্মা ব্যারাজ প্রকল্প এবং উৎপাদন বৃদ্ধিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের প্রসঙ্গ টেনে এ্যানি বলেন, পূর্ববর্তী শাসনামলের গুম-খুন, শিশু-শিক্ষার্থী হত্যা, রাজনৈতিক কর্মীদের ওপর হামলা, দুর্নীতি ও লুটপাটে জড়িত কারও ওপর নির্ভর করে ভারতের সঙ্গে সম্পর্ক রাখা সমীচীন নয়।
সীমান্তে কোনো ধরনের 'ষড়যন্ত্র ও অবন্ধুত্বপূর্ণ আচরণ' না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কোনো চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী বলেন, তাঁরা হাইকমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে আমন্ত্রণও জানিয়েছেন। সাক্ষাৎকালে হাইকমিশনার বিভিন্ন আশ্বাস দিলেও বাস্তবে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি। তবে ভারত যথাযথ সিদ্ধান্ত নেবে এবং নতুন বন্ধুত্বের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Comments