সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতসহ রাজধানীতে আটক চার
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক অপর দুজন হলেন সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।
এ ছাড়া পৃথক অভিযানে ককটেলসহ আল আমিন নামের আরও একজনকে আটক করেছে পুলিশ, যিনি মোহাম্মদপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তারিকুজ্জামান রাজিবের সহযোগী। সব মিলিয়ে মোট চারজনকে আটকের বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম। আটক চারজনই বর্তমানে মোহাম্মদপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
এদিকে, কে এম শাখাওয়াত মুনকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন। ওই ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের নেতা-কর্মীরা শাখাওয়াতকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করছেন এবং ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইছেন। জবাবে নিজেকে 'ওএসডি' (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অবস্থায় থাকার কথা জানালে উপস্থিত একজন তাঁকে থাপ্পড় মারেন।
ভিডিওতে আরও দেখা যায়, ছাত্রদল নেতা মোতাহার তাঁর পরিচয় জানতে চান এবং সরকারি আমলা হয়ে ভবিষ্যতে আর কোনো নাশকতায় জড়াবেন কি না, তা জিজ্ঞাসা করেন। শাখাওয়াত আর এমন কাজে জড়াবেন না বলে উত্তর দিলে নেতা-কর্মীরা তাঁকে কান ধরতে বলেন এবং তিনি কান ধরেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাখাওয়াতসহ আটক তিনজনকে থানায় নিয়ে যায়।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী কে এম শাখাওয়াত মুন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) কর্মরত ছিলেন। সেখান থেকে প্রেষণে তাঁকে তৎকালীন প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে গত বছরের সেপ্টেম্বরে পিআইবির পদ থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
Comments