জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান 'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই সপ্তাহের উদ্বোধন করেন।
'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এবারের আয়োজন করেছে। এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে, যেখানে ৬৪টি স্টল ও ৬টি প্যাভিলিয়ন স্থান পেয়েছে।
এর আগে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। পরে প্রাণিসম্পদ খাতের আগামীর সম্ভাবনা ও উন্নয়ন এবং এই খাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে ২৩ জন বিজয়ীর হাতে 'জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬' (স্বর্ণ ও রৌপ্য) তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতেই গবাদি পশুর খামার ক্যাটাগরিতে পদক গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পদক প্রাপ্তির পর তিনি এবং 'বিউটি পাঁঠার খামার'-এর মালিক বিউটি বেগম তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। পরে পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এবং বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। আজ থেকে শুরু হওয়া এই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে।
Comments