সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মুনতারিন ফেরদৌস ডরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর বাবা আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
বর্তমানে ডরিন রাজধানীর লালমাটিয়ায় বসবাস করছিলেন। তাঁকে কোন মামলা বা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। তবে তাঁর বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে চিকিৎসার উদ্দেশ্যে ভারতের কলকাতায় গিয়ে নিখোঁজ হন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরবর্তীতে সেখানে তাঁর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। বাবার নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনায় সে সময় গণমাধ্যমে নিয়মিত বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন ডরিন।
Comments