দেশের ৫ কোটি ৮০ লাখ তরুণ অদৃশ্য সম্পদ: শিক্ষামন্ত্রী
দেশের প্রায় পাঁচ কোটি ৮০ লাখ তরুণকে যথাযথ শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, তরুণ জনগোষ্ঠী দেশের বড় সম্পদ। তাদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটিয়ে দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় পাঁচ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে দেশে। এই বিশাল জনগোষ্ঠীকে তিনি অদৃশ্য সম্পদ হিসেবে উল্লেখ করেন। তাদের মানসম্মত শিক্ষা ও মেধার বিকাশ নিশ্চিত করা গেলে দেশের জন্য গুরুত্বপূর্ণ মানবসম্পদ তৈরি সম্ভব হবে। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আগামীর বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য শিক্ষার্থী তৈরি করা বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম দায়িত্ব। আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার গুণগত পরিবর্তনে কাজে লাগাতে হবে।
শিক্ষামন্ত্রী জানান, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের ট্রেজারার ড. মো. সবুর খান। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উপাচার্য, শিক্ষাবিদ এবং শিক্ষা খাতের সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
Comments