রোহিঙ্গা গণহত্যার রায়ে নেতানিয়াহুর জন্য সতর্কবার্তা
মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যার ঘটনায় দেশটির রাষ্ট্রীয় দায় প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় নতুন করে আলোচনায় এনেছে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে। বিশেষ করে গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর সরকারের জন্য সতর্কবার্তা হয়ে উঠতে পারে বলে মনে করছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক বিশ্লেষণে সংবাদমাধ্যমটি বলেছে, মিয়ানমারের বিরুদ্ধে রায়ে আইসিজে যে আইনি অবস্থান তুলে ধরেছে, তা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান গণহত্যার অভিযোগের বিচারিক মূল্যায়নেও প্রভাব ফেলতে পারে। যদিও দুটি দেশের পরিস্থিতি এক নয় এবং প্রতিটি মামলার বিচার আলাদাভাবে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই হবে।
টেলিগ্রাফের বিশ্লেষণে বলা হয়েছে, গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে সবচেয়ে জটিল বিষয় হলো অপরাধ সংঘটনের পেছনে নির্দিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায় প্রতিষ্ঠা করা। ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ কিংবা জাতিগত নিধনের মতো ঘটনা ঘটলেও কেবল সেগুলোর ভিত্তিতে গণহত্যার অভিযোগ প্রমাণিত হয় না। এর সঙ্গে অপরাধীদের বিশেষ উদ্দেশ্যও প্রতিষ্ঠা করতে হয়।
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একটি অংশ মনে করতেন, গণহত্যার উদ্দেশ্য প্রমাণে সরাসরি ও অকাট্য দলিল বা 'স্মোকিং গান' প্রয়োজন। কিন্তু রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের পর্যবেক্ষণ সেই ধারণাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।
মামলার রায়ে আদালত জানিয়েছে, গণহত্যার উদ্দেশ্য প্রমাণের জন্য একক কোনো অকাট্য দলিল থাকা বাধ্যতামূলক নয়। বরং বিভিন্ন পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ একত্রে বিশ্লেষণ করেও অপরাধের উদ্দেশ্য সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। আদালত ৯-৬ ভোটে সিদ্ধান্তে পৌঁছায়, মিয়ানমারের কর্মকাণ্ডের ক্ষেত্রে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়ই ছিল একমাত্র যৌক্তিক ব্যাখ্যা।
২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানকে কেন্দ্র করে এ মামলা করা হয়েছিল। ওই অভিযানে অন্তত ১০ হাজার রোহিঙ্গা নিহত এবং সাত লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। মিয়ানমার সরকার ও সেনাবাহিনী বরাবরই অভিযানটিকে সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান হিসেবে দাবি করে আসছিল।
তবে আইসিজে বলেছে, দীর্ঘদিনের বৈষম্য, বিদ্বেষমূলক বক্তব্য, নির্বিচারে হত্যা, ধর্ষণ, শিশুদের ওপর হামলা, গ্রাম ধ্বংস এবং বিপুলসংখ্যক মানুষকে বাস্তুচ্যুত করার মতো ঘটনাগুলো একত্রে বিশ্লেষণ করলে গণহত্যার অভিপ্রায় স্পষ্ট হয়। আদালতের মতে, এসব কর্মকাণ্ডকে কেবল বিদ্রোহ দমনের অভিযান হিসেবে ব্যাখ্যা করা যায় না।
রায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, আত্মরক্ষামূলক বা বিদ্রোহ দমন অভিযানের পাশাপাশি গণহত্যার উদ্দেশ্যও থাকতে পারে। অর্থাৎ কোনো জনগোষ্ঠীর মধ্যে সশস্ত্র গোষ্ঠীর সদস্য থাকলেও সেই যুক্তিতে পুরো জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ডের দায় এড়ানোর সুযোগ নেই।
এ ছাড়া আদালত জাতিসংঘের তদন্তকারী সংস্থাগুলোর সংগৃহীত তথ্য-প্রমাণও বিবেচনায় নিয়েছে। কোনো ফৌজদারি আদালতে আগে অপরাধ প্রমাণিত হওয়ার অপেক্ষা না করেই এসব প্রমাণ রাষ্ট্রের দায় নির্ধারণে ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে গাম্বিয়ার মতো সরাসরি সংঘাতে জড়িত নয় এমন একটি রাষ্ট্রও গণহত্যা কনভেনশনের আওতায় অন্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে—সেই আইনি অবস্থানও প্রতিষ্ঠিত হয়েছে।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার ক্ষেত্রেও এসব বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে গণহত্যার অভিযোগে ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা।
যুক্তরাজ্যের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের আইন বিভাগের অধ্যাপক নিমার সুলতানির মতে, মিয়ানমারের মামলায় আদালত যেভাবে তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে গণহত্যার উদ্দেশ্য নির্ধারণ করেছে, তা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের মূল্যায়নেও তাৎপর্যপূর্ণ হতে পারে। তাঁর মতে, গণহত্যার অভিপ্রায় নির্ধারণে মিয়ানমারের সামরিক বাহিনীর অতীত কর্মকাণ্ড বিবেচনায় নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। কারণ, ২০০০ সাল থেকে ইসরায়েল একাধিকবার গাজায় সামরিক অভিযান চালিয়েছে।
ইসরায়েলের আত্মরক্ষার যুক্তিতে প্রভাব
টেলিগ্রাফের বিশ্লেষণে আরও বলা হয়েছে, রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ইসরায়েলের আত্মরক্ষার যুক্তির ওপরও প্রভাব ফেলতে পারে। ইসরায়েলের দৈনিক জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণেও বলা হয়েছে, আইসিজের পর্যবেক্ষণ দেশটির আত্মরক্ষার সক্ষমতা ও আইনি যুক্তিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
বিশ্লেষণটিতে বলা হয়, কোনো জনগোষ্ঠীর কিছু সদস্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও তার প্রতিক্রিয়ায় পরিচালিত সামরিক অভিযান গণহত্যার পর্যায়ে পৌঁছাতে পারে, যদি সেখানে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায় প্রমাণিত হয়।
এদিকে ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতিও এ বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। টেলিগ্রাফের বিশ্লেষণে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান এবং তাঁর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের প্রসঙ্গও এসেছে। গাজায় যুদ্ধের প্রথম বছরে আইজেনকোট ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য ছিলেন। ফলে ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে কোনো চূড়ান্ত আইনি সিদ্ধান্ত এলে দেশটির রাজনৈতিক নেতৃত্বের ওপরও তার প্রভাব পড়তে পারে।
তবে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নয়। দক্ষিণ আফ্রিকার করা মামলার বিচারেও নিজস্ব তথ্য-প্রমাণ ও পরিস্থিতি বিবেচনা করবে আদালত। তারপরও রোহিঙ্গা গণহত্যার মামলায় প্রতিষ্ঠিত আইনি ব্যাখ্যা গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগের বিচারিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
Comments