৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ সফরে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে নবগঠিত মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি বড় একটি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজও শুরু করার কথা রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোকামতলা হাইস্কুল মাঠে উপস্থিত হবেন। এ সময় ফলক উন্মোচনের মাধ্যমে মোকামতলা উপজেলার পাশাপাশি মোকামতলা মডেল পৌরসভা ও থানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তিনি।
মীর শাহে আলম আরও জানান, প্রধানমন্ত্রীর সফরে মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পের কাজও শুরু হবে। প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের উদ্বোধনী ফলকও উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, মোকামতলা ও আশপাশের এলাকার মানুষের জন্য এসব উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন উপজেলা, পৌরসভা ও থানা প্রতিষ্ঠার পাশাপাশি সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে স্থানীয় মানুষের জীবনযাত্রার মান বাড়বে। একই সঙ্গে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
Comments