পোশাকশিল্পের অস্থিরতা ও মজুরি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইএলও
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে ন্যূনতম মজুরি পর্যালোচনা, চলমান অস্থিরতা এবং এর প্রভাবে শ্রমিকদের জীবন-জীবিকা ও শিল্পপ্রতিষ্ঠানের ওপর সৃষ্ট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এ অবস্থানের কথা জানিয়েছে।
বিবৃতিতে ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য সরকার গঠিত মজুরি বোর্ডের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আইএলও। সংস্থাটির মতে, মজুরি নির্ধারণের প্রক্রিয়াকে গ্রহণযোগ্য ও কার্যকর করতে মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাকশিল্পে লাখ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে, যাদের বড় একটি অংশ নারী। এ খাতে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শিল্পপ্রতিষ্ঠানের স্থায়িত্ব এবং সুস্থ শ্রমসম্পর্ক নিশ্চিত করতে নিয়মিত ও গঠনমূলক সামাজিক সংলাপ প্রয়োজন।
আইএলওর ন্যূনতম মজুরি নির্ধারণবিষয়ক কনভেনশন ১৩১ অনুযায়ী, মজুরি নির্ধারণ ও নিয়মিত সমন্বয়ের ক্ষেত্রে স্বচ্ছতা এবং নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। এ ক্ষেত্রে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় ও ক্রয়ক্ষমতার পরিবর্তন এবং শ্রমিক ও তাঁদের পরিবারের প্রয়োজনগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
একই সঙ্গে উৎপাদনশীলতা, কর্মসংস্থানের সুযোগ, অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের টিকে থাকার সক্ষমতার মতো বিষয়ও বিবেচনায় রাখা জরুরি। এ ছাড়া দেশের সামগ্রিক মজুরির হার, সামাজিক সুরক্ষার সুবিধা, শিল্পের সক্ষমতা এবং সমাজের অন্যান্য শ্রেণির জীবনযাত্রার মানও মজুরি নির্ধারণের ক্ষেত্রে প্রাসঙ্গিক বলে উল্লেখ করেছে সংস্থাটি।
বিবৃতিতে আরও বলা হয়, শ্রমিকদের মজুরি ও কর্মপরিবেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন শুধু একটি পক্ষের দায়িত্ব নয়। পুরো সরবরাহব্যবস্থা বা সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত সব পক্ষের সম্মিলিত দায়িত্বশীলতা প্রয়োজন। দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা এবং পণ্য কেনার নীতিমালা শ্রমিকদের ন্যায্য মজুরি ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে সহায়ক হতে পারে। একই সঙ্গে এগুলো পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্বেও ভূমিকা রাখে।
বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা, সংঘবদ্ধ হওয়ার অধিকার এবং যৌথ দরকষাকষির সুযোগ নিশ্চিত করার ওপরও জোর দিয়েছে আইএলও। সংস্থাটির মতে, সুষ্ঠু শিল্পসম্পর্ক বজায় রাখতে এসব অধিকারের প্রতি সম্মান দেখানো জরুরি।
এদিকে পোশাকশিল্পে সহিংসতা, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। এসব ঘটনার কারণে শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সামগ্রিক শিল্পসম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। পরিস্থিতির উত্তরণে সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা পরিহার করে আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আইএলও। এতে ন্যূনতম মজুরি বোর্ডের পক্ষে নির্ধারিত দায়িত্ব অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সহজ হবে বলে মনে করে সংস্থাটি।
মজুরি নির্ধারণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে বাংলাদেশ সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে আইএলও। এ সহায়তার মধ্যে রয়েছে তথ্য-উপাত্ত সরবরাহ, দক্ষতা উন্নয়ন এবং আলোচনার মাধ্যমে সহযোগিতা।
পাশাপাশি সরকার, মালিক ও শ্রমিক, এই তিন পক্ষের অংশগ্রহণে তথ্য-প্রমাণভিত্তিক এবং নারী-পুরুষের সমতার বিষয়টি বিবেচনায় রেখে একটি জাতীয় মজুরি নীতিমালা প্রণয়নে সহায়তা দিতে প্রস্তুত সংস্থাটি। আইএলওর মতে, এ ধরনের নীতিমালা মজুরি নির্ধারণে স্বচ্ছতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার পাশাপাশি শিল্পের টেকসই উন্নয়ন এবং মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে।
Comments