রোহিঙ্গা গণহত্যা: প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে
মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক বাহিনীর পরিচালিত অভিযানে প্রায় ১০ হাজার মানুষকে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ওই অভিযানে নির্বিচারে হত্যাকাণ্ড, যৌন নির্যাতন এবং রোহিঙ্গাদের বসতবাড়িতে পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছিল বলে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় পাঠের সময় এসব তথ্য তুলে ধরেন আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি।
২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনী তথাকথিত 'ক্লিয়ারেন্স অপারেশন' পরিচালনা করে। আদালতের কাছে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনায় ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা হত্যার তথ্য পাওয়া গেছে বলে জানান বিচারপতি ইউজি।
তিনি বলেন, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী বিভিন্ন এলাকায় নির্বিচারে হত্যাকাণ্ড চালায়। পুরুষদের আলাদা করে হত্যা, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের ঘরবাড়িতে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়।
তবে আদালতের পর্যবেক্ষণে ২০১৭ সালের অভিযানের আগে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) পরিচালিত হামলার বিষয়টিও উঠে এসেছে। ওই সময় সংগঠনটি নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি বিভিন্ন গ্রামে অগ্নিসংযোগ করেছিল।
আদালত আরও উল্লেখ করেছে, দীর্ঘদিন ধরে মিয়ানমারে বসবাস করলেও রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধারাবাহিক বৈষম্য ও নিপীড়নের মুখে পড়তে হয়েছে। বৈষম্যমূলক আইন এবং নানা বিধিনিষেধের মাধ্যমে তাদের মৌলিক অধিকার ক্রমাগত সীমিত করা হয়েছে। ফলে দেশটির সমাজে তারা ক্রমেই প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীতে পরিণত হয়েছে।
বিচারপতি ইউজির পর্যবেক্ষণে আরও বলা হয়, সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় ছড়িয়ে পড়া বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে শত্রুতা ও বৈরিতা উসকে দিতে ভূমিকা রেখেছে।
উল্লেখ্য, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় বৃহস্পতিবার পড়া শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) পিস প্যালেসে আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পাঠ শুরু করেন আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি।
Comments