দেশের উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনীয় কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশ ও স্লোভেনিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, দুই দেশের সংসদের মধ্যে মৈত্রী গ্রুপ গঠন, সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট, মুক্ত বাণিজ্য চুক্তি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির যুগোস্লাভিয়া সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশটির তৎকালীন রাষ্ট্রপতি মার্শাল টিটো ছিলেন বিশ্বপরিসরে সুপরিচিত একজন নেতা। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই তৎকালীন যুগোস্লাভিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি ঘটে।
অন্যদিকে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতা আরও সম্প্রসারণে তাঁর দেশের আগ্রহের কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে স্লোভেনিয়া দূতাবাসের কর্মকর্তা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments