অনির্দিষ্টকালের জন্য গাজীপুরের অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ
শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আরও ৫ থেকে ১০টি কারখানায় বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত এসব কারখানা বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কারখানা ভাঙচুরের আশঙ্কা, শ্রমিক অসন্তোষ এবং জানমালের নিরাপত্তা বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া না গেলেও বেলা ১১টার পর পরিস্থিতির অবনতি ঘটে। শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ও আনসার রোডসহ কয়েকটি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলের সামনে জড়ো হন। পরে কাজে যোগ না দিয়ে তারা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে মাওনা চৌরাস্তা, আনসার রোড ও আশপাশের এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় কয়েকজন শ্রমিকের হাতে লাঠিসোঁটাও দেখা যায়।
খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার না করে বিক্ষোভ চালিয়ে যান।
এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, মাওনা চৌরাস্তা ও আনসার রোড এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। একপর্যায়ে শ্রমিকদের সরিয়ে দেওয়া হলে তারা বিভিন্ন স্থানে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
তিনি আরও জানান, পুলিশের তৎপরতায় শ্রমিকদের দীর্ঘ সময় সড়কে অবস্থান নেওয়া সম্ভব হয়নি। দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে ছিল।
Comments