২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনা, বাজেটের শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদি টেকসই অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে দুই দিনব্যাপী 'আন্তর্জাতিক ঋণ সম্মেলন বাংলাদেশ ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের এ পরিকল্পনার কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে ঋণ গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ঋণের অর্থ যেন উৎপাদনশীলতা বাড়ানো, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং জনকল্যাণে সরাসরি ভূমিকা রাখতে পারে, তা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পুঁজিবাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি সেখান থেকে দায়িত্বশীল ও টেকসই উপায়ে অর্থ সংগ্রহের সক্ষমতা তৈরি করতে হবে।
দেশের অর্থনীতির চ্যালেঞ্জ তুলে ধরে আমীর খসরু বলেন, ঋণের আসল ও সুদ পরিশোধের বাড়তি চাপ, রাজস্ব আদায়ে সীমাবদ্ধতা এবং বাজেটে ব্যয়ের সুযোগ কমে আসা অর্থনীতির জন্য বড় উদ্বেগের বিষয়।
বিকল্প অর্থায়নের বিষয়ে তিনি জানান, সরকার সার্বভৌম সুকুক, গ্রিন বন্ড, ব্লু বন্ড এবং মিশ্র অর্থায়নের মতো বিভিন্ন পদ্ধতি বিবেচনা করছে। তাঁর মতে, কত টাকা ঋণ নেওয়া হচ্ছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সেই অর্থ দেশের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধিতে কতটা অবদান রাখছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ মিশনের কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং। সম্মেলনের বিষয়বস্তু উপস্থাপন করেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হাসান খালেদ ফয়সাল। স্বাগত বক্তব্য দেন এডিবির জ্যেষ্ঠ সামাজিক খাত কর্মকর্তা এস এম এবাদুর রহমান।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক জানান, ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে বৈদেশিক ঋণের বার্ষিক সুদ পরিশোধের ব্যয় দ্বিগুণেরও বেশি হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে ২০২৪-২৫ অর্থবছর শেষে সরকারি ঋণের পরিমাণ জিডিপির ৩৯ শতাংশের নিচে ছিল। ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত এই অনুপাত প্রায় একই পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং বলেন, ঋণ পরিশোধের ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশের উন্নয়নমূলক খাতে ব্যয়ের সক্ষমতা সংকুচিত হচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার প্রবণতাও বাড়ছে।
তিনি জানান, ২০২০-২১ অর্থবছরে ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় ছিল জিডিপির ২ দশমিক ৩ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ শতাংশে।
ঋণ পরিশোধের সক্ষমতা বজায় রাখতে সরকারি ঋণ ও গ্যারান্টির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের পাশাপাশি ঋণ গ্রহণ, নগদ অর্থ ব্যবস্থাপনা এবং বাজেট পরিকল্পনার মধ্যে সমন্বয় বাড়ানোর পরামর্শ দেন ঝাং।
এ ছাড়া অভ্যন্তরীণ বন্ডবাজার সম্প্রসারণ, উন্নয়ন প্রকল্পের মূল্যায়ন ও সরকারি ক্রয়প্রক্রিয়া আরও শক্তিশালী করা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্পে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
সম্মেলনে বিশেষ বক্তব্যে এডিবির পরামর্শক ও আইএমএফের সাবেক উপদেষ্টা প্রসাদ অনন্তকৃষ্ণন সরকারি ঋণ, উৎপাদনশীল বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করেন। তাঁর আলোচনায় উঠে আসে, কোন পরিস্থিতিতে সরকারি ঋণ অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখে এবং কখন অতিরিক্ত ঋণ বাজেটের স্থিতিশীলতা নষ্ট করে ও বেসরকারি বিনিয়োগের সুযোগ সংকুচিত করে।
উন্নয়নশীল দেশগুলোর জন্য ঋণ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, এলডিসি থেকে উত্তরণ, অর্থায়নের উৎসে বৈচিত্র্য আনা এবং আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর বিষয়গুলোও সম্মেলনে গুরুত্ব পাচ্ছে।
১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনের যৌথ আয়োজক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এবারের সম্মেলনের প্রতিপাদ্য 'পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা'।
আন্তর্জাতিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ঋণের ব্যয় বৃদ্ধি এবং পুঁজিবাজারের পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে টেকসই অর্থায়ন নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দেশি-বিদেশি নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও আর্থিক খাতের বিশেষজ্ঞরা।
এতে বাংলাদেশের অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। পাশাপাশি শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তা এবং এডিবি, বিশ্বব্যাংক ও আইএমএফের প্রতিনিধিরাও সম্মেলনে যোগ দিয়েছেন।
Comments