গোপালগঞ্জে ডিসি-এসপি পদে রদবদল, নতুন দায়িত্বে যারা
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) পদে পরিবর্তন এনেছে সরকার। জেলার বর্তমান ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জিএম সরফরাজ।
অন্যদিকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। আর গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
এদিকে রোববার গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল ও মহড়া দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাঁদের অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের মাথায় হেলমেটও ছিল। তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন।
এমন পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ দুই পদে এই রদবদলের সিদ্ধান্ত এলো।
Comments