রফতানি খাতে নতুন সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বাংলাদেশের রফতানি খাতকে আরও সমৃদ্ধ করতে শুধু তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল না থেকে বহুমুখী আন্তর্জাতিক সোর্সিং গন্তব্য হিসেবে দেশকে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 'গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা-২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্পের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশ ইতোমধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। তবে রফতানি খাতের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে পণ্যের বৈচিত্র্য বাড়ানো, নতুন উদ্ভাবন, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। একই সঙ্গে নতুন সম্ভাবনাময় শিল্প খাত চিহ্নিত করে সেগুলোকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করতে হবে।
তিনি জানান, এবারের সোর্সিং এক্সপোতে ১২টি সম্ভাবনাময় খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে আগের তুলনায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, স্টল এবং আন্তর্জাতিক ক্রেতার সংখ্যা বেড়েছে।
বাণিজ্যমন্ত্রীর মতে, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন দেশের রফতানি বাজার সম্প্রসারণের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন ব্যবসায়িক সুযোগ তৈরিতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, প্রদর্শনীর অংশ হিসেবে আয়োজিত বিজনেস টু বিজনেস (B2B) ম্যাচমেকিং সভা এবং বিভিন্ন কারখানা পরিদর্শনের মাধ্যমে বিদেশি ক্রেতারা সরাসরি দেশীয় উদ্যোক্তা ও উৎপাদকদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। এতে আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার হওয়ার পাশাপাশি নতুন ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে উঠবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরীফ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের প্রশাসক ফজলুল হক, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. খালেদ হোসাইন মাহবুব এবং রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ।
এ ছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
Comments