ইরানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১২
ইরানের পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের উদ্ধার করে ইলাম, দেহলোরান, দেজফুল ও আবদানানের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে ইরাক সীমান্তসংলগ্ন আবদানান ও দেহলোরানের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে আইআরএনএ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই বা পরবর্তী সময়ে ১২ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও ১৬ জন। আহতদের কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি জানান, উদ্ধারকাজ পরিচালনায় ৩২ সদস্যের ১২টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। পাশাপাশি ছয়টি অ্যাম্বুলেন্স এবং ছয়টি সহায়তা ও উদ্ধারকারী যান দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
উল্লেখ্য, ইরানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির হার উদ্বেগজনক। দেশটির সরকারি লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের জুন মাসে প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চ পর্যন্ত আগের ১২ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
Comments