আইএমএফের ঋণ কর্মসূচি বাতিল নয়, শর্ত সমন্বয়ে চলছে আলোচনা: অর্থমন্ত্রী
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি অব্যাহত রাখবে সরকার। তবে আগের সরকারের সময়ে সংস্থাটির সঙ্গে নির্ধারিত শর্তগুলো বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের স্বার্থ বিবেচনায় পুনর্বিবেচনা করতে চায় সরকার। এ বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চলছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে শর্ত সমন্বয়ের প্রক্রিয়া শেষ হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইএমএফের কঠোর শর্তে ঋণ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে। একই প্রক্রিয়ায় আইএমএফের সঙ্গেও আলোচনা চলছে। সমন্বয় প্রক্রিয়া সম্পন্ন হলে ঋণ কর্মসূচি আবার স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে।
তিনি স্পষ্ট করে বলেন, আইএমএফের ঋণ কর্মসূচি বাতিল কিংবা সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো পরিকল্পনা সরকারের নেই। বরং কর্মসূচির বিভিন্ন শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে বিদ্যমান মতপার্থক্য দূর করতে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। তাদের আলোচনার ভিত্তিতেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
আগের সরকারের সময়ে আইএমএফের সঙ্গে করা চুক্তির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সেই সময় নির্ধারিত সব শর্ত বর্তমান সরকারের পক্ষে তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। এসব শর্ত হঠাৎ কার্যকর করা হলে সাধারণ মানুষের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও দেশের সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর বিভিন্ন কর্মসূচির মধ্যে সমন্বয় না থাকলে প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। এ কারণে দেশের অর্থনৈতিক সক্ষমতা, জনগণের স্বার্থ এবং সরকারের নিজস্ব পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনাকে প্রাধান্য দিয়ে সহযোগী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করা হচ্ছে।
অর্থমন্ত্রী জানান, আইএমএফের কর্মসূচি বন্ধ করা সরকারের উদ্দেশ্য নয়। বরং দেশের অর্থনৈতিক সক্ষমতা ও উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণ কর্মসূচি বাস্তবায়ন করতে চায় সরকার। এ লক্ষ্যে দুই পক্ষের মধ্যে যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ওয়ার্কিং গ্রুপ দুটির কার্যক্রম শেষ হওয়ার প্রত্যাশা রয়েছে।
এদিকে অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে কক্সবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী 'ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ-২০২৬'। দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা বিষয়ক এ সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments