গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন
গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা সদস্যদের মধ্যে বিজিবির ১৩, আনসারের পাঁচ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আট প্লাটুন রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোনো এলাকায় বিক্ষোভ কিংবা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে চলমান পরিস্থিতি বিবেচনায় ছয়টি পোশাক কারখানা আজও বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, রাষ্ট্রীয় সম্পদ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিজিবি সদস্যরা ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছেন। অন্য বাহিনীগুলোও সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরে শ্রমিকদের আন্দোলন চলে আসছে। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হন। এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে, আন্দোলনের সময় মুঠোফোনে ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হন তৌফিক নামের এক শ্রমিক। পরে তার মৃত্যু হয়।
Comments