সরকার কি নিরাপত্তা দিতে পারবে?- সংসদে নাহিদের ক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আগুন দেওয়ার প্রসঙ্গটি তীব্র আলোচনায় আসে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার কি সাধারণ জনগনের নিরাপত্তা দিতে পারবে? অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও নাহিদ ইসলামের মধ্যে এ নিয়ে কিছুটা বাক্যবিনিময়ও হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কার্যসূচি অনুযায়ী স্পিকার প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলে নাহিদ ইসলাম ফ্লোর চান। স্পিকার তাঁকে পরে কথা বলার অনুরোধ জানালে তিনি দাঁড়িয়ে থেকেই বিষয়টি সংসদে উত্থাপনের অনুমতি চান। স্পিকার জানান বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট এবং তিনি অধিবেশনে এলে জবাব দেবেন। জবাবে নাহিদ ইসলাম সরকারের কাছে কোনো উত্তর আশা করেন না বলে মন্তব্য করেন।
পরে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ঘটনার পরপরই দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে কোনো ফরেনসিক দল না গিয়েই পেট্রোল বোমা হামলার আলামত মেলেনি বলে দাবি করেছেন।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, একের পর এক ককটেল বিস্ফোরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা, সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং ২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটছে। এরপরও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, 'আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট হবেন ওনারা (বিএনপি)। আমাদের পরিবার আক্রান্ত হলে ফ্যাসিবাদী শক্তির হাতে তাদের পরিবারও আক্রান্ত হবে। তারা এতটাই নৃশংস।' এ সময় ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিষয়ে বর্তমান সরকারের আপসকামী মনোভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আলোচনার শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
Comments