সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে, ঝুঁকিতে আরও দুই কোটি: দেবপ্রিয়
দেশে বর্তমানে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, যার মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার। এ ছাড়া দারিদ্র্যসীমার ঠিক ওপরে অবস্থান করা আরও অন্তত দুই কোটি মানুষ নতুন করে দরিদ্র হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। মাত্র দুদিন কাজ করতে না পারলেই তাদের অনেকে আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে দেশের অর্থনীতি ও সমাজের এই চিত্র তুলে ধরে অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জোরালো তাগিদ দিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত ৫৫ বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও সেই অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে সামাজিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কৃতির কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটেনি। সমাজের অবহেলিত মানুষকে অর্থনীতি ও সমাজের মূলধারায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।
বেকারত্ব ও মানবসম্পদের সংকটের চিত্র তুলে ধরে তিনি জানান, দেশে প্রতি চারজন যুবকের একজন বেকার এবং শিক্ষিত যুবকদের ক্ষেত্রে এ হার প্রতি তিনজনে একজন। মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছরে পৌঁছালেও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে শিশুমৃত্যুর হার বেশি। পাশাপাশি এসব পরিবারের শিশুদের মধ্যে স্কুল থেকে ঝরে পড়া ও শিশুশ্রমের প্রবণতাও উদ্বেগের মুখে ফেলেছে। পরিচ্ছন্নতাকর্মী, প্রতিবন্ধী ব্যক্তি, মরুকরণপ্রবণ উত্তরবঙ্গ ও উপকূলীয় জনগোষ্ঠীর মানুষ শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষায় পিছিয়ে রয়েছে এবং অপশাসন ও দুর্নীতির শিকারও তারা বেশি হচ্ছে।
সুবিধাবঞ্চিত মানুষের অধিকার সুরক্ষায় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে দেবপ্রিয় বলেন, সমাজের অগ্রসর অংশ পিছিয়ে পড়া মানুষের পক্ষে কথা না বললে একসময় তাদের নিজেদের অর্জনও ঝুঁকির মুখে পড়বে।
অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা বাড়ার পেছনে মূলত রাজনীতিবিদরাই দায়ী। অনেক সময় আমলাদের দোষারোপ করা হলেও তাঁরা রাজনীতিবিদদের অধীনেই কাজ করেন। রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার পর সুবিধাবঞ্চিত মানুষের কথা না ভেবে নিজেদের সুযোগ-সুবিধা আদায়েই বেশি ব্যস্ত থাকেন। তিনি মন্তব্য করেন, 'রাজনীতি ঠিক করলে দেশও ঠিক হয়ে যাবে।' নির্বাচনব্যবস্থায় সংস্কার এনে কালো টাকার প্রভাব বন্ধ এবং অর্থবিত্ত ছাড়াই যোগ্য ব্যক্তিদের নির্বাচনে আসার সুযোগ তৈরি করার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে ককাসের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, স্বাধীনতার পর সংসদের ইতিহাসে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে বিভিন্ন দলের ২৫ জন সংসদ সদস্যকে নিয়ে গঠিত এটিই প্রথম সর্বদলীয় সংসদীয় ককাস। দুর্নীতি, কর ও ভ্যাট ফাঁকি এবং ব্যাংক লুটপাটের মাধ্যমে রাষ্ট্রের অর্থের অপচয় রোধ না করলে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম মনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে অর্থনৈতিক মুক্তি এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সংসদ সদস্য মাহমুদা হাবিবা, ফজলুল হক, মাহমুদুল ইসলাম, সাবিকুন নাহার মুন্নী ও ড. মাহমুদা মিতুসহ অন্যান্য বক্তারাও নীতিনির্ধারণে সুবিধাবঞ্চিত মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
Comments