রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বহুমুখী চ্যালেঞ্জের মুখে: স্বরাষ্ট্রমন্ত্রী
দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে নানা গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, রোহিঙ্গা সংকটের একমাত্র স্থায়ী সমাধান নিহিত রয়েছে তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও সম্মানজনক প্রত্যাবাসনের মধ্যে।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারি নথিপত্রে রোহিঙ্গাদের সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে বর্তমানে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমস্ত প্রচেষ্টার মূল লক্ষ্য এখন এই বিশাল জনগোষ্ঠীর টেকসই ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণার বিষয়টিও বৈঠকে উত্থাপন করা হয়। মন্ত্রী আশা প্রকাশ করেন, রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায় আরও বেশি দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।
রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগ এবং মিয়ানমারের ওপর জোরালো কূটনৈতিক চাপ প্রয়োগের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
জাতিসংঘের বিশেষ প্রতিনিধি কেলি ই. কারি দীর্ঘদিন ধরে লাখ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে মানবিক আশ্রয় ও সেবা দিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের উদার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, মিয়ানমারে প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার পুনরুদ্ধারে জাতিসংঘ এবং সহযোগী সংস্থাগুলো তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বৈঠকে সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদক পাচার রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সাইবার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা ও আধুনিক প্রশিক্ষণ বাড়াতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়।
সৌজন্য সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments