কলকাতায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাই আতঙ্ক, চলছে নিবিড় তল্লাশি
কলকাতা বিমানবন্দর থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বিমান ছিনতাইয়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উড়োজাহাজটির শৌচাগারের আয়নায় 'ছিনতাইয়ের সতর্কতা' সংবলিত একটি বার্তা দেখতে পাওয়ার পর ১০৫ জন যাত্রীসহ ফ্লাইটটিকে দ্রুত রানওয়ে থেকে একটি নিরাপদ আইসোলেশন বে-তে সরিয়ে নেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে জানা যায়, এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ (এ৩২০) ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কেবিন ক্রুরা শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের ওই হুমকি দেখতে পান। প্রাথমিক ধারণা করা হচ্ছে, লিপস্টিক দিয়ে আয়নার গায়ে ওই বার্তাটি লেখা হয়েছিল।
নিরাপত্তা প্রটোকল অনুযায়ী তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে জরুরি সতর্কতা জারি করা হয়। এরপর বিমানটিকে দ্রুত আইসোলেশন বে-তে নিয়ে সব যাত্রীকে নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।
স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের (SOP) অংশ হিসেবে বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী, ফায়ার সার্ভিস এবং বোম্ব স্কোয়াডের সদস্যদের মোতায়েন করা হয়। দুপুর দেড়টা পর্যন্ত পুরো উড়োজাহাজটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হলেও এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এছাড়া যাত্রীদের লাগেজ ও মালামালও নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে।
তল্লাশি প্রক্রিয়ার বিষয়ে বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, এ ধরনের ঘটনায় যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়— তাঁরা বিমানে ওঠার আগে বা ভেতরে সন্দেহজনক কিছু লক্ষ্য করেছেন কি না।
নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, "বেলা ১০টা ৩৭ মিনিটে কলকাতা-মুম্বাই রুটের এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ ফ্লাইটের শৌচাগারে কেবিন ক্রুরা ছিনতাইয়ের একটি বার্তা দেখতে পান। স্ট্যান্ডার্ড প্রটোকল মেনে বর্তমানে সংশ্লিষ্ট সব নিরাপত্তা সংস্থা প্রয়োজনীয় যাচাই-বাছাই ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে।"
Comments