রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা চান রাষ্ট্রপতি
বাংলাদেশে আশ্রয় নেওয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসন এবং চরম ঝুঁকিতে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের এই বাংলাদেশ সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের জন্য নতুন আশার বার্তা বহন করছে। তাঁর এই রোহিঙ্গা শিবির পরিদর্শন বৈশ্বিক পরিসরে এই মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এটি আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও বড় ধরনের উদ্বেগ তৈরি করছে। তাই রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টির পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার ওপর জোর দেন তিনি।
সাক্ষাৎকালের শুরুতে রাষ্ট্রপতি ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানান এবং নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। এ সময় যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বেগবান করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিন দিনের বাংলাদেশ সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, বিকেএসপি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন ডাচেস অব এডিনবার্গ। তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন, ক্ষমতায়ন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায় নারীদের গৌরবোজ্জ্বল অবদানের অকুণ্ঠ প্রশংসা করেন।
রাষ্ট্রপতির আশা প্রকাশ করে বলেন, ব্রিটিশ রাজপরিবারের এই উচ্চপর্যায়ের সফর বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের পাশাপাশি ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
Comments