হুথিদের ৪৪০ যোদ্ধা নিষ্ক্রিয়ের দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ৪৪০ জন যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী। এ ছাড়া অভিযানে হুথিদের ১৩২টি সামরিক যান, সাঁজোয়া ইউনিট ও ভারী অস্ত্র ধ্বংস কিংবা অকেজো করা হয়েছে বলে জানিয়েছে তারা।
দেশটির সরকারি সংবাদ সংস্থা সাবার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, 'অপারেশন ডন অব ইয়েমেন' নামে পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০টি হামলা চালিয়েছে সরকারি বাহিনী। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি অভিযানের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।
তিনি জানান, অভিযানে হুথিদের জনবল ও সামরিক সরঞ্জামের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের সামরিক সক্ষমতা কমিয়ে আনতে বিভিন্ন ধরনের যানবাহন, সাঁজোয়া ইউনিট ও ভারী অস্ত্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
গত ৫ অক্টোবর রাজধানী সানা ও হুথিদের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য এলাকা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে অভিযানটি শুরু করে সরকারি বাহিনী।
তবে অভিযান শুরুর এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। বরং সংঘাত ক্রমেই দীর্ঘস্থায়ী হচ্ছে। দুই পক্ষই নিজেদের সামরিক অবস্থান ধরে রাখতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: আল জাজিরা।
Comments