ভারতীয় ভিসা আবেদনে নতুন বাধ্যবাধকতা: জমা দিতে হবে অঙ্গীকারনামা
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম ও কড়াকড়ি আরোপ করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ফরম্যাটে 'Visa Undertaking Form' বা 'ভিসা অঙ্গীকারনামা' জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভারতীয় হাইকমিশনের অফিশিয়াল ভিসা সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি অ্যাডভাইজরিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী ভিসা প্রত্যাশীদের নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
হাইকমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট বা লিংক থেকে নির্ধারিত ফরম্যাটের 'Visa Undertaking Form' ডাউনলোড করতে হবে। ফর্মটি যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে। NIC Visa Application Portal-এ অনলাইন ভিসা আবেদনের সময় পূরণকৃত এই ফর্মটি স্ক্যান করে আপলোড করা বাধ্যতামূলক।
হাইকমিশন স্পষ্ট জানিয়েছে, কেবল নির্দিষ্ট ফরম্যাটের ফর্মটিই গ্রহণযোগ্য হবে। অন্য কোনো ফরম্যাটে বা নিয়মের বাইরে ফর্ম জমা দিলে সেই ভিসা আবেদন বাতিল বলে গণ্য হবে।
এক পাতার প্রকাশিত 'Visa Undertaking Form'-এ আবেদনকারীকে বেশ কিছু তথ্য প্রদান ও সুনির্দিষ্ট অঙ্গীকার করতে হয়:
ব্যক্তিগত তথ্য : এই অংশে পাসপোর্ট অনুযায়ী নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকার বর্তমান ঠিকানা—এই পাঁচটি তথ্য বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে।
সফরের উদ্দেশ্য: ভারত ভ্রমণের সুনির্দিষ্ট উদ্দেশ্য (যেমন—পর্যটন, ব্যবসা, চিকিৎসা, কনফারেন্স ইত্যাদি) পরিষ্কারভাবে লিখতে হবে।
অঙ্গীকারনামা: ভিসা প্রাপ্তির পর নির্ধারিত সফর শেষ করে অবিলম্বে নিজ দেশে ফিরে আসার এবং কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ অতিরিক্ত সময় ভারতে অবস্থান না করার অঙ্গীকার করতে হবে। ভ্রমণের সময় দেশটির সমস্ত আইন, বিধি-বিধান ও স্থানীয় সংস্কৃতি পুরোপুরি মেনে চলার এবং কোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত না থাকার ঘোষণা দিতে হবে। ফর্মে সতর্ক করা হয়েছে যে, ভারতের কোনো আইন লঙ্ঘন করলে ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল হতে পারে এবং ভবিষ্যতে পুনরায় ভারতীয় ভিসা পাওয়ার যোগ্যতা চিরতরে ক্ষতিগ্রস্ত হতে পারে। সবশেষে আবেদনকারীকে নিজের স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। তবে অপ্রাপ্তবয়স্ক (মাইনর) আবেদনকারীদের ক্ষেত্রে বাবা-মা উভয়েরই স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।
ভারতীয় ভিসা প্রত্যাশীদের দ্রুত ও সঠিক নিয়মে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে নির্ধারিত লিংক থেকে এই ফর্ম সংগ্রহ করে তা পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
Comments