উত্তরাখণ্ডে প্রবল তুষারপাতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার জোশীমঠ-বদরিনাথ রুটে পাইলটসহ ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সোয়া দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রবল তুষারপাতের মধ্যে শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে বদরিনাথ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। পথিমধ্যে হাতি পর্বত এলাকার কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ করেই এর সঙ্গে ভূগর্ভস্থ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটি নিখোঁজ হয়। পরে জোশীমঠের কাছে ছায়ী গ্রামসংলগ্ন এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয় প্রশাসন।
দুর্ঘটনার খবর পেয়েই রাজ্য প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-এর পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী লিখেছেন, 'আমরা জোশীমঠের কাছে ছায়ী গ্রামের নিকটবর্তী এলাকায় একটি মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনার সংবাদ পেয়েছি। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও এসডিআরএফের যৌথ টিম দ্রুত উদ্ধার অভিযান চালাচ্ছে। আমি নিজে পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।' এ সময় গুরুতর আহত ব্যক্তিদের দ্রুত এয়ারলিফট করে উন্নত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
জোশীমঠের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট চন্দ্র শেখর বিশিষ্ট জানান, খবর পাওয়ার পরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং তিনিও ব্যক্তিগতভাবে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।
হিমালয়কন্যা খ্যাত উত্তরাখণ্ডে প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ি ভূখণ্ডের কারণে এর আগেও বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। গত এক দশকে রাজ্যটিতে অন্তত ১২টি পৃথক হেলিকপ্টার দুর্ঘটনার রেকর্ড রয়েছে। যার মধ্যে ৫টি বড় ধরনের প্রাণঘাতী এবং ৭টি জরুরি অবতরণ বা অ-প্রাণঘাতী দুর্ঘটনা। গত বছরের জুনেও কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশী যাওয়ার পথে জঙ্গলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছিলেন।
Comments