মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র জমা
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। সোমবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্ধারিত শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
এর আগে গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী উপনির্বাচনের গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো:
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন: ২৬ অক্টোবর (সোমবার)। মনোনয়নপত্র বাছাই: ২৭ অক্টোবর (মঙ্গলবার)। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল: ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি: ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ: ২ নভেম্বর। ভোটগ্রহণ: ১২ নভেম্বর।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর যদি শেষ পর্যন্ত একমাত্র বৈধ প্রার্থী থাকেন, তবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
Comments