আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্য খাতের চেহারা বদলে যাবে: স্বাস্থ্যমন্ত্রী
আগামী অর্থবছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতের সার্বিক চিত্র পাল্টে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বর্তমানে দেশের আটটি বিভাগেই পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতালের নির্মাণকাজ এগিয়ে চলছে এবং ক্যানসার গবেষণায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
সোমবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রায় ১৬ হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নতুন এসব উপজেলা হাসপাতালে প্রসূতি মায়েদের জন্য ২০টি, নবজাতকদের জন্য ২০টি এবং কিডনি রোগীদের ডায়ালিসিসের জন্য ১০টি শয্যার বিশেষ ব্যবস্থা রাখা হবে।
দেশের ওষুধ শিল্পের সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এবং অচিরেই যুক্তরাষ্ট্রের বাজারও বাংলাদেশি ওষুধে সয়লাব হয়ে যাবে।
বিগত সময়ের অব্যবস্থাপনার সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিগত বছরগুলোতে দেশের স্বাস্থ্য খাতকে পুরোপুরি ধ্বংস ও ভেঙে ফেলা হয়েছিল এবং সেখানে অনিয়ম-দুর্নীতির পাহাড় গড়ে তোলা হয়েছিল। একটি শক্তিশালী অর্থনীতি গড়তে হলে আগে একটি সুস্থ ও সবল জাতি গঠনের ওপর জোর দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
Comments