মেট্রোরেলে নিরাপত্তায় বড় উদ্যোগ, স্টেশনে বসছে আধুনিক যন্ত্র
রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের নিরাপত্তা বাড়াতে বিমানবন্দরের মতো আধুনিক তল্লাশিব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ ব্যবস্থার আওতায় স্টেশনে প্রবেশের পথে স্থাপন করা হবে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার।
রোববার (২৫ অক্টোবর) ডিএমটিসিএলের পরিচালক মো. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
নতুন ব্যবস্থায় স্টেশনে প্রবেশের আগে যাত্রীদের শরীরে ধাতব বস্তু শনাক্ত করতে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে। পাশাপাশি যাত্রীদের ব্যাগ ও অন্যান্য মালামাল পরীক্ষার জন্য থাকবে লাগেজ স্ক্যানার।
এসব নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহের জন্য গত ১৯ অক্টোবর অনলাইনে দরপত্র আহ্বান করেছে ডিএমটিসিএল। সংস্থাটির স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান দরপত্র বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালের মাধ্যমে দরপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় শর্তাবলি ই-জিপি পোর্টালে পাওয়া যাবে।
কর্তৃপক্ষের আশা, নতুন সরঞ্জাম চালু হলে মেট্রোরেল স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের ব্যাগ ও মালামাল পরীক্ষা করা সহজ হবে। একই সঙ্গে শরীরে বহন করা ধাতব বস্তু শনাক্তের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি আরও কার্যকর করা যাবে। এতে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি কমানো এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সহায়তা মিলবে।
তবে এ পর্যায়ে কতটি যন্ত্র কেনা হবে, শুরুতে কোন কোন স্টেশনে সেগুলো বসানো হবে এবং কবে থেকে যাত্রীদের নিয়মিত তল্লাশি শুরু হবে, তা এখনো নির্দিষ্ট করে জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, একই দরপত্রে মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর ডিপোতে স্থাপিত বৈদ্যুতিক ব্যবস্থার বার্ষিক রক্ষণাবেক্ষণসংক্রান্ত কাজও অন্তর্ভুক্ত রয়েছে।
এই কাজের আওতায় লো-ভোল্টেজ (এলভি) ব্যবস্থা, ডিজেল জেনারেটর, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচলব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ করা হবে।
দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দরপত্রের নথি কেনার সময় নির্ধারণ করা হয়েছে।
Comments