স্বাস্থ্যখাতের উন্নয়নে কয়েক হাজার কোটি টাকার দরপত্র, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, যাতে সাধারণ মানুষ প্রত্যাশিত সেবা পেয়ে সন্তুষ্ট হন।
শনিবার (২৮ অক্টোবর) ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
পরিদর্শনের সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে একজন নার্সকে বদলির নির্দেশ দেন তিনি। এ ছাড়া অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে চার চিকিৎসকের এক দিনের বেতন কাটার নির্দেশ দেওয়া হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের সরবরাহ বৃদ্ধি এবং পর্যাপ্ত স্যালাইন মজুত রাখার বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের ফলে আগামী কয়েক মাসের মধ্যে স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে।
স্বাস্থ্যখাতের অবকাঠামো উন্নয়ন ও পুনর্গঠনের বিষয়ে মন্ত্রী জানান, আগামী ১৫ দিনের মধ্যে কয়েক হাজার কোটি টাকার দরপত্র আহ্বায়ের পরিকল্পনা রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উন্নয়নে এসব অর্থ ব্যয় করা হবে।
এ ছাড়া উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়েই রোগ নির্ণয়ের সুযোগ বাড়বে এবং চিকিৎসাসেবা পেতে দূরবর্তী বড় শহরে যাওয়ার প্রয়োজন কিছু ক্ষেত্রে কমবে বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের পরিবেশ উন্নত করা এবং প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর প্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের জন্য আরও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
Comments