সৌদি আরবে হুথি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
সৌদি আরবে একাধিক হুথি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। দেশটির বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় দুই বাংলাদেশি হতাহতের ঘটনার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নিন্দা জানানো হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং সৌদি আরব সরকার ও সে দেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে।
নাগরিকদের জীবন ও নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টিকারী সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে যেকোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
Comments