প্রধানমন্ত্রীর সফর নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যের জেরে যুবক গ্রেপ্তার
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক এই তথ্য নিশ্চিত করেছেন। আটকের পর অভিযুক্ত যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফরকালে শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে একটি বাসে চড়ে তিনি রাজশাহী নগরীতে প্রবেশ করেন। এই সময় রাস্তার দুই পাশে সমবেত সাধারণ মানুষকে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান।
ঘটনার সূত্রপাত হয় 'দ্য বিউটি অব রাজশাহী' নামের একটি ফেসবুক পেজে। প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালীন ওই বাসের একটি ছবি পোস্ট করা হলে, তার কমেন্টবক্সে আবু বকর সিদ্দিক নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়— 'ইস! একটা বড় সুযোগ। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।' মন্তব্যটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়।
রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম মন্তব্যটিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করে এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করেন।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, মন্তব্যটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও অপরাধমূলক। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Comments