দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে এখনো রিয়াদের জবাব পায়নি ঢাকা
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ সরকারের পাঠানো আনুষ্ঠানিক নোট বা প্রশ্নের কোনো জবাব এখনো দেয়নি রিয়াদ। আজ বুধবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৪ অক্টোবর বাংলাদেশি কোনো কর্তৃপক্ষকে না জানিয়েই ওই দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি প্রশাসন।
চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, মৃত্যুদণ্ড কার্যকরের পুরো পরিস্থিতি এবং এর পেছনের কারণ জানতে চেয়ে সৌদি আরবের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার। তিনি আরও জানান, আদালতের রায়ের অনুলিপি, ঠিক কী অপরাধে তাদের এই শাস্তি দেওয়া হলো তার বিস্তারিত বিবরণ এবং কেন বাংলাদেশি কূটনৈতিক মিশনকে বিষয়টি আগে জানানো হলো না—চিঠিতে সেসব বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর এক পুরুষ ও এক নারী প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মামলার বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র হাতে পাওয়ার পর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুই প্রবাসী সম্পর্কে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের মনগড়া পোস্ট দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। পাশাপাশি অনলাইনে ছড়ানো ভুল তথ্য ও অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় প্রবাসী শ্রমবাজার। দেশটিতে বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন, যাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সে কারণে প্রবাসী বাংলাদেশিদের আইনগত অধিকার ও সার্বিক নিরাপত্তার বিষয়টি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচিত হয়ে আসছে।
Comments