রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী
রাজশাহী অঞ্চলের প্রায় ৩৯ হাজার আখচাষীকে মোট ১২ কোটি টাকার আর্থিক প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর, ২০২৬) বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আখচাষীদের প্রণোদনা বিতরণ ও বিশাল জনসভায় এই প্রণোদনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কম্পিউটারের বোতাম টিপে সরাসরি ডিজিটাল মাধ্যমে চাষীদের মোবাইল অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "এখন আমি কম্পিউটারে একটি বোতাম চাপ দেব। এই চাপ দেওয়ার সাথে সাথেই সরকারের পক্ষ থেকে দেওয়া এই সহযোগিতা কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আখচাষী ভাইদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।"
তিনি আরও বলেন, "সরকার আখচাষীদের সহযোগিতার জন্য মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দের সম্পূর্ণ অর্থ ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আমার বিশ্বাস, কৃষকদের এই সহযোগিতা তাদের আখ চাষে নতুন গতি আনবে এবং উৎপাদনে সহায়তা করবে।"
প্রধানমন্ত্রী 'আলহামদুলিল্লাহ' বলে কম্পিউটারের বোতাম টিপলে জনসভাস্থলে উপস্থিত হাজারো মানুষ সমস্বরে 'বিসমিল্লাহ' উচ্চারণ করে উল্লাস প্রকাশ করেন। পরে অনুষ্ঠানে প্রতীকী হিসেবে ১৫ জন আখচাষীর হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। চেক গ্রহণকারী চাষীরা হলেন—আবু সাঈদ চান, আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মন্ডল, এমাজ উদ্দিন, মো. কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে রাজশাহী জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বিশেষ করে জনসভাস্থলে সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী জনসভাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে আরও উপস্থিত ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, স্থানীয় সংসদ সদস্য (মিজানুর রহমান মিনু, অ্যাডভোকেট শফিকুল হক মিলন, অধ্যাপক নজরুল ইসলাম, আবু সাঈদ চাঁদ, মাহমুদা হাবিবা) এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
রাজশাহীর জনসভা ও অন্যান্য কর্মসূচি শেষে স্থানীয় ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও মতবিনিময় শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন।
Comments