হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে: জামায়াত আমির
দেশের মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি এবং সমাজে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করে বলেছেন, বিচার ও শিক্ষা বিভাগে দলীয়করণ চলছে এবং বর্তমান সরকার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের দেখানো পথেই হাঁটছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে শহীদ আব্দুল মালেক মিলনায়তনে আয়োজিত ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকার গণভোটকে অস্বীকার করছে এবং 'জুলাই সনদ' বাস্তবায়ন করছে না বলে অভিযোগ করেন তিনি। অতীতে একটি দল বলেছিল নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, অথচ বর্তমানে সমস্যার পরিমাণ দ্বিগুণ হারে বেড়েছে বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।
২০২৪ সালের পটপরিবর্তনের পর তরুণ সমাজ ও জনগণের প্রত্যাশা ছিল একটি শোষণমুক্ত, ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু বর্তমান সরকারের সময়ে শিক্ষাঙ্গনে দলীয়করণ ও লুটতরাজের পাশাপাশি বৈষম্যের নতুন মাত্রা যোগ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমান অবস্থাকে একনায়কতন্ত্র থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা হস্তান্তরের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এভাবেই চলতে থাকলে গন্তব্য বিগত সরকারের মতোই হবে।
মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, ঐক্যের অভাবেই মুসলিম বিশ্ব আজ ক্ষতিগ্রস্ত। রুকনদের উদ্দেশে তিনি কুরআন ও ইসলামী চেতনায় জীবন গড়ার আহ্বান জানিয়ে বলেন, ইসলামের সুমহান আদর্শ এবং রাসূলের (সা.) উত্তম আচরণ ও চরিত্রের মাধ্যমেই সমাজকে আলোকিত করতে হবে। সুদসহ সকল ধরনের অনিয়ম থেকে দূরে থাকার ওপরও জোর দেন তিনি।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন স্থানীয় জামায়াত নেতারা। অনুষ্ঠানের শুরুতে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আব্দুল হালিম এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় দেশীয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।
Comments