ভারত থেকে এল নতুন ১৮ রেলকোচ
ভারত থেকে আমদানি করা আধুনিক প্রযুক্তির ১৮টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশ রেলওয়ের পক্ষে কোচগুলো বুঝে নেন প্রকল্প পরিচালক জয়দুল ইসলাম।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে এসব কোচ সংগ্রহ করা হচ্ছে। এটি প্রথম চালানের অংশ।
প্রথম চালানে আসা চার ধরনের ১৮টি কোচের মধ্যে রয়েছে—
-
-
১১টি নন-এসি শোভন চেয়ার কোচ
-
৩টি এসি চেয়ার কোচ
-
২টি এসি স্লিপার কোচ
-
২টি এসি পাওয়ার কার (যেগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা ও যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে)।
-
দর্শনা স্টেশনে পৌঁছানোর পর কোচগুলোর প্রাথমিক পরিদর্শন, কাস্টমস ক্লিয়ারেন্সসহ প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হয়। এরপর নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হচ্ছে। সেখানে প্রাথমিক সংযোগ স্থাপন, কার্যক্ষমতা পরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া শেষে এগুলো যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে।
পাকশী রেলওয়ের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জানান, বাংলাদেশে প্রবেশের পর কোচগুলো ভালোভাবে যাচাই করা হয়েছে। প্রাথমিকভাবে এতে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ছাড়াই কোচগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
Comments