২০২৭ সাল পর্যন্ত বিশ্ববাজারে বজায় থাকবে ডিজেলের তীব্র সংকট: আইইএ
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের প্রভাবে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্ববাজারে ডিজেল সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, বিশ্বব্যাপী ডিজেলের খালি হয়ে আসা মজুত পূরণ হতে দীর্ঘ সময় লাগবে এবং ২০২৭ সাল পর্যন্ত বিশ্ববাজারে এই জ্বালানির সংকট বজায় থাকতে পারে।
বুধবার (১৪ অক্টোবর) প্যারিসভিত্তিক সংস্থাটি তাদের মাসিক জ্বালানি বাজার প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানিয়েছে। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি পণ্যটির সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ২০২৭ সালের একটি বড় সময়জুড়ে ডিজেলের বাজার চরম চাপের মুখে থাকবে।
উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি কমে যাওয়া এবং ইরানের পাল্টা হামলায় ওই এলাকার শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশের সরকার জ্বালানি কর হ্রাস, ভর্তুকি প্রদান কিংবা কৌশলগত জরুরি মজুত থেকে তেল ছাড়ার মতো পদক্ষপ নিলেও পরবর্তীতে সেই খালি মজুতগুলো আবার পূরণ করতে হবে।
আইইএ পূর্বাভাস দিয়েছে যে, আগামী বছরের প্রথম প্রান্তিক নাগাদ শোধনাগারগুলোর উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার হলে ডিজেল বাজারে কিছুটা উদ্বৃত্ত পরিস্থিতি তৈরি হতে পারে এবং মজুতও স্বাভাবিক ধারায় ফিরতে পারে। তবে ইরান যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে তৈরি হওয়া বিপুল ঘাটতি এই সাময়িক প্রবৃদ্ধি দিয়ে পুরোপুরি পুষিয়ে নেওয়া সম্ভব হবে না।
সংস্থাটি আরও হুঁশিয়ারি দিয়েছে যে, পারস্য উপসাগর থেকে সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে বাজারের ভারসাম্য বজায় রাখতে জ্বালানির চাহিদায় বড় ধরনের কাটছাঁট করতে হবে এবং এর ফলে চড়া অর্থনৈতিক মূল্য চুকাতে হতে পারে।
Comments